বাউফলে মাদকবিরোধী অভিযানে হামলা: ইয়াবা ছিনতাই, আহত ১

বাউফলে মাদকবিরোধী অভিযানে হামলা: ইয়াবা ছিনতাই, আহত ১

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, আপডেট ২২:৫৯

‎পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে স্থানীয় যুবকদের মাদকবিরোধী উদ্যোগকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. রাব্বি (২৮) নামে এক যুবক আহত হয়েছেন। একই সঙ্গে ঘটনাস্থল থেকে জব্দ করা ২০ পিস ইয়াবা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
‎মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পায়রাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

‎স্থানীয়দের দাবি, কয়েকদিন আগে হাসান নামে এক ব্যক্তিকে ইয়াবা সেবনের সময় আটক করা হলে তিনি জানান, বশার নামে এক ব্যক্তির কাছ থেকে তিনি ইয়াবা সংগ্রহ করেছেন। ওই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার এলাকাবাসী নজরদারি চালিয়ে বশারকে আটক করেন। তাদের অভিযোগ, এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

‎এ সময় বশারের সহযোগীরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলার ঘটনায় মো. রাব্বি গুরুতর আহত হন। হামলাকারীরা উদ্ধার করা ইয়াবাগুলো ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

‎আহত রাব্বিকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
‎হাসপাতালে চিকিৎসাধীন রাব্বি বলেন, স্থানীয় মুরব্বিদের সম্মতিতে তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করছেন। এ কারণে ক্ষুব্ধ হয়ে মাদক কারবারিদের একটি পক্ষ তার ওপর হামলা চালিয়েছে বলে তিনি দাবি করেন।

‎তবে অভিযুক্ত বশার এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তিনি কোনো ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন এবং রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। রাব্বিকে মারধরের অভিযোগও তিনি প্রত্যাখ্যান করেন।

‎এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে পুলিশ তথ্য সংগ্রহ করছে। লিখিত অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউডি/রেজা/রুবেল

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading