১ কোটি টাকা ‘বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী
উত্তরদক্ষিণ। শুক্রবার (০৩ জুলাই) ২০২৬, আপডেট ২৩:০০
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে এবং সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে অবসরপূর্ব লেফটেন্যান্ট জেনারেল (লে. জেনারেল) করা হয়েছে।
একই সঙ্গে বকেয়া বেতন-ভাতার পাশাপাশি তাকে বিশেষ আর্থিক প্রণোদনা হিসেবে ১ কোটি টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গত বুধবার (১ জুলাই) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সরকারি গেজেটে এই তথ্য জানানো হয়েছে। ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে সামরিক বাহিনীর বিভিন্ন কারণে অবসরপ্রাপ্ত, অপসারণকৃত ও অব্যাহতিপ্রাপ্ত ১৫০ কর্মকর্তার পদোন্নতি ও আর্থিক সুবিধার তালিকায় তার নাম রয়েছে।
গেজেটে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর ১১৫ জন, নৌবাহিনীর ২১ জন এবং বিমানবাহিনীর ১৪ জনসহ মোট ১৫০ জন অফিসারকে স্বাভাবিক অবসর, ভূতাপেক্ষ পদোন্নতিসহ স্বাভাবিক অবসর, অকালীন (বাধ্যতামূলক) অবসর বা পদোন্নতি প্রদান করা হয়েছে। তদানুযায়ী বিধি মোতাবেক বকেয়া বেতন-ভাতা এবং বিশেষ আর্থিক প্রণোদনা সুবিধা দেয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই সরকারি আদেশ জারি করা হয়।
ইউডি/এবি

