সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, যুবলীগের ২ নেতাকর্মী গ্রেফতার
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬, আপডেট ১৮:৩৫
ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে যুবলীগের দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরের পর আটক দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে সাভার মডেল থানা পুলিশ। এর আগে সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
জানা যায়, জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাভারে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা পরবর্তী সমাবেশ করছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ওই সমাবেশস্থলেই হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত চারজন আহত হন।
আটক ব্যক্তিরা হলেন মানিকগঞ্জ জেলার সিংগাইর থানা এলাকার পূর্ব ভাকুম গ্রামের মৃত সুলতান ফকিরের ছেলে মো. নুরুল ইসলাম (৫২) এবং সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার আবদুল জলিলের ছেলে মো. সজীব (৩২)।
পুলিশ জানিয়েছে, তারা দুজনই সাভারের আনন্দপুর মহল্লায় বসবাস করতেন। এর মধ্যে নুরুল ইসলাম সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। আর সজীব যুবলীগ কর্মী।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, ‘এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে দুজনকে আটক করা হয়েছে। তাদের আজ আদালতে পাঠানো হয়েছে।’
ইউডি/রেজা

