২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, শনাক্ত ১৭৩
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬, আপডেট ১৯:৩৫
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ১৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১৯ জন।
মঙ্গলবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৭ জুলাই পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬৪৯ শিশুর মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ সময়ে দেশে নিশ্চিত হামে মৃতের সংখ্যা ৯৩ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সন্দেহজনক রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১৯ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৩৮৪ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১৭৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৯৬৪।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৫ মার্চ থেকে ৭ জুলাই পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজার ৫২২ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৬ হাজার ৮৪৪ জন।
ইউডি/রেজা

