আবারও বাড়ল তেলের দাম

আবারও বাড়ল তেলের দাম

উত্তরদক্ষিণ। সোমবার, ১৩ জুলাই, ২০২৬, আপডেট ১০:৫০

আমেরিকা ও ইরানের পাল্টাপাল্টি হামলার জেরে আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত তেলের দাম। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় জ্বালানি বাজারে এর প্রভাব পড়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার লেনদেনের শুরুতেই ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৫০ ডলারে পৌঁছায়। এর আগে এর দাম নেমে এসেছিল ৭০ দশমিক ১৪ ডলারে। একই সময়ে আমেরিকার ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৩ দশমিক ৮৩ ডলারে ওঠে।

জ্বালানি বিশেষজ্ঞ এবং জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ভিজিটিং ফেলো ওমিদ শোকরি আল জাজিরাকে বলেন, সংঘাত অব্যাহত থাকলে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের বেশি হতে পারে। কারণ, ভূরাজনৈতিক ঝুঁকি বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা অতিরিক্ত ঝুঁকির হিসাব যোগ করছেন।

তার মতে, সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হবে যদি সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল ব্যাহত হয় অথবা উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদন ও রপ্তানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

ওমিদ শোকরি আরও বলেন, আমেরিকা ও ইরানের মধ্যে যে সমঝোতার ভিত্তিতে যুদ্ধবিরতি চলছে, তা যতদিন অনিশ্চিত থাকবে, ততদিন তেলের দামও তুলনামূলকভাবে বেশি থাকতে পারে। পরিস্থিতি কিছুটা শান্ত হলেও বাজারে দামের ওঠানামা অব্যাহত থাকবে। শেষ পর্যন্ত তেলের দাম কতদিন উচ্চ পর্যায়ে থাকবে, তা নির্ভর করবে সরবরাহ কতটা ব্যাহত হয় তার ওপর।

সূত্র: আল জাজিরা

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading