শিক্ষা ভবনের সামনে পুলিশের কঠোর নিরাপত্তা, প্রস্তুত জলকামান
উত্তরদক্ষিণ। বুধবার, ১৫ জুলাই, ২০২৬, আপডেট ১৬:১২
দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিতসহ একাধিক দাবি নিয়ে আজও আন্দোলনে নেমেছেন পরিক্ষার্থীরা।
তাদের দেওয়া কর্মসূচি ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচিকে কেন্দ্র করে ভবনের মোড়ে ব্যারিকেড দিয়ে কঠোর নিরাপত্তা নিয়েছে পুলিশ। এছাড়াও, যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জলকামান প্রস্তুত রাখা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বেলা বিকেল ৩টায় শিক্ষা ভবন মোড়ে এমন দৃশ্য দেখা যায়।
এদিকে, দুপুর দেড়টা থেকে নিলক্ষেত মোড়, সাইন্সল্যাব মোড়, মিরপুর-১০, উত্তরা বিএনএস সেন্টারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে আন্দোলন করতে দেখা যায়।
শিক্ষামন্ত্রীর মোবাইল ফোনে কথপোকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে মন্ত্রী পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করেছেন বলে অভিযোগ করা হয়। পাশাপাশি পদার্থবিজ্ঞান প্রথমপত্রে প্রশ্নপত্র ভুল থাকা নিয়েও বিতর্ক ওঠে। এতে ক্ষুব্ধ হন পরীক্ষার্থীরা।
এরপর তারা আট দফা দাবি নিয়ে মাঠে নামেন। পরে সেটা তিন দফা দাবিতে পরিণত হয়। তাতে বলা হয়, উপযোগী পরিবেশ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখতে হবে; পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে সম্পূর্ণ নম্বর দিতে হবে এবং শিক্ষামন্ত্রীকে ক্ষমা চাইতে হবে।
শিক্ষার্থীদের তিন দফা দাবি বর্তমানে এক দফায় রূপ নিয়েছে। তাদের দাবি, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে।
ইউডি/রেজা

