অপপ্রচার ও কিশোর গ্যাং দূর করতে সামাজিক ঐক্যের ডাক দিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, আপডেট ২১:০২
পটুয়াখালীর বাউফলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধ, পারিবারিক সহিংসতা রোধ, কিশোর গ্যাং দমন, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
প্রধান অতিথি বলেন, “অপপ্রচার, মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তুলতে গুজব ও অপপ্রচার প্রতিরোধের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় বিশেষ অতিথি বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং কিশোর অপরাধ দমনে প্রশাসন নিয়মিত কাজ করে যাচ্ছে। তিনি এলাকাবাসীকে মাদক, কিশোর গ্যাং ও অপরাধসংক্রান্ত তথ্য প্রশাসনকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সচেতন অংশগ্রহণই অপরাধ প্রতিরোধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।
সভায় সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের সচেতনতামূলক কার্যক্রম এবং ধর্মীয় প্রতিষ্ঠানে ইমামদের উদ্বুদ্ধমূলক বক্তব্য তরুণদের মাদক, অনলাইন জুয়া ও কিশোর অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই একটি নিরাপদ, সচেতন ও দায়িত্বশীল সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহামুদ ফিরোজ, গণঅধিকার পরিষদ বাউফল উপজেলার সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
অতিথিরা বলেন সামাজিক সম্প্রীতি বজায় রাখা, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধ, পারিবারিক মূল্যবোধ জোরদার এবং মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে সচেতন নাগরিক, দায়িত্বশীল নেতৃত্ব এবং সম্মিলিত সামাজিক উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ, সুন্দর ও সমৃদ্ধ বাউফল গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
ইউডি/রেজা/রুবেল

