‘পাকিস্তানে ককরোচ পার্টির উত্থানের শঙ্কা’, সতর্কতা নাকভির
উত্তরদক্ষিণ। শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, আপডেট ১৯:২৫
ইন্ডিয়ার মতো পাকিস্তানেও ককরোচ পার্টির উত্থান ঘটতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। সম্প্রতি টেলিভিশনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ সতর্কবার্তা দিয়েছেন তিনি।
টেলিভিশনে দেওয়া বক্তব্যে মহসিন নাকভি বলেছেন, “আমাদের তরুণ-তরুণীরা যা চায়— তা তাদের দিতে পারছি না আমরা। আপনি তাদের তরুণ, ককরোচ বলতে পারেন কিংবা যে কোনো কিছু বলতে পারেন; কিন্তু যদি এই ককরোচেরা ঐক্যবদ্ধ হয়— তাহলে তারা সবকিছু ওলটপালট করে দিতে পারে।”
“আজ ইন্ডিয়ায় আমরা তরুণদের হতাশা থেকে সৃষ্ট ককরোচ পার্টির উত্থান দেখছি। যদি বেকারত্ব এবং ত্রুটিপূর্ণ সরকারি প্রশাসন বজায় থাকে, তাহলে পাকিস্তান তো বটেই— পুরো দক্ষিণ এশিয়াজুড়ে এ ‘ককরোচ পার্টির উত্থান ঘটবে।”
পাকিস্তান সরকার বর্তমানে ছাত্রদের যে আর্থিক বৃত্তি ও বিনামূল্যে ল্যাপটপ দিচ্ছে— তা যথেষ্ট নয় উল্লেখ করে নাকভি বলেছেন, “যদি মেধাভিত্তিক কর্মসংস্থানের সুযোগ না থাকে— তাহলে শুধু আর্থিক বৃত্তি আর বিনামূল্যে ল্যাপটপ দিয়ে তরুণ-তরুণীদের সন্তুষ্ট রাখা যাবে না।”
“যদি অর্থনৈতিক স্বচ্ছতা না থাকে, মেধাতন্ত্র প্রতিষ্ঠিত না হয়, অর্থবহ সুযোগ-সুবিধা না থাকে, রাজনীতিতে ধনকুবেরদের প্রাধান্য থাকে— তাহলে ককরোচ পার্টির উত্থান অনিবার্য।”
সূত্র : ফার্স্টপোস্ট
ইউডি/রেজা

