শেখ হাসিনার ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে ইন্ডিয়ার কোনো ভূমিকা ছিল না: জয়সোয়াল

শেখ হাসিনার ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে ইন্ডিয়ার কোনো ভূমিকা ছিল না: জয়সোয়াল

উত্তরদক্ষিণ। শুক্রবার (০৭ আগস্ট) ২০২৬, আপডেট ২১:৪০

বাংলাদেশের ক্ষমতাচ্যুত ও দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ আগস্টের ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে ইন্ডিয়া সরকারের কোনো ভূমিকা ছিল না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)। ওই অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের কোনো অংশও ভারত সরকার সমর্থন করে না বলে স্পষ্ট করেছে নয়াদিল্লি।

শুক্রবার ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সাংবাদিকদের বলেন, ‘এটি একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠানের আয়োজিত অনুষ্ঠান ছিল। এতে সরকারের কোনো ভূমিকা ছিল না। বিশেষ করে বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকারের বিষয়ে সেখানে যা বলা হয়েছে, তার কোনো কিছুই ইন্ডিয়া সরকার সমর্থন করে না।’

আগের দিনও এ বিষয়ে প্রশ্নের জবাবে রণধীর জয়সোয়াল ঠিক এ কথাই বলেছিলেন। তবে আজ তিনি ওই বক্তব্যের সঙ্গে বাড়তি সংযোজন করে বলেন, ‘বিশেষ করে বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকারের বিরুদ্ধে যা কিছু বলা হয়েছে, ভারত সরকার তা অনুমোদন (এনডোর্স) করে না।’ একই কথা তিনি ইংরেজির পর হিন্দিতেও বলেছেন।

নয়াদিল্লির ওই অনুষ্ঠানে আমেরিকা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সজীব ওয়াজেদ বলেছিলেন, বাংলাদেশ দ্রুত আরেকটা পাকিস্তান হতে চলেছে। আজকের ব্রিফিংয়ে তার সেই বক্তব্য উল্লেখ করে এক সাংবাদিক জানতে চান, ওই অভিযোগ ভারত অনুমোদন করে কি না এবং বাংলাদেশের অবস্থা ভারতের কাছে কতটা উদ্বেগের। জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘প্রতিবেশী দেশের যেকোনো ঘটনা বা গতিবিধির ওপর সর্বদা তীক্ষ্ণ নজর রাখা হয়। ইন্ডিয়া তার রাষ্ট্রীয় সুরক্ষার প্রতি বিশেষ দৃষ্টি দেয়। যেকোনো ঘটনা বা পরিস্থিতি অনুযায়ী উচিত পদক্ষেপ নেয়।’ সজীব ওয়াজেদর অভিযোগ অনুমোদন বা সমর্থন করা বা না করা নিয়ে জয়সোয়াল কোনো মন্তব্য করেননি।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading