পল্লবীতে চলন্ত গাড়ি থেকে গুলি, নারীসহ আহত ২
উত্তরদক্ষিণ। শুক্রবার (০৭ আগস্ট) ২০২৬, আপডেট ২২:২০
রাজধানীর পল্লবীতে দুই সপ্তাহের ব্যবধানে আবার গুলির ঘটনা ঘটেছে। এবার চলন্ত গাড়ি থেকে সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে এক পথচারী নারীসহ ২ জন আহত হয়েছেন।
পুলিশের দাবি, মাদক কারবারকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে।
পল্লবী থানার ওসি হাসান বশীর বলেন, “শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে পল্লবীর মিল্লাত ক্যাম্পের ২ নম্বর গলিতে চলন্ত গাড়ি থেকে আলমগীর হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে নিশানা করে তিন রাউন্ড গুলি ছোঁড়া হয়। এ সময় রাস্তা পার হওয়াকালীন জোৎস্না বেগম নামে এক নারীও গুলিবিদ্ধ হন।
“ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে।”
পল্লবী থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে সেকশন-১১-এর ব্লক-বি, লাইন-২ এলাকায় ইমনের চায়ের দোকানের সামনে মাদক কারবারকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে।
পুলিশের কাছে থাকা তথ্য অনুযায়ী, এলাকার চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘ল্যাংড়া রুবেল’ ও তার সহযোগী বাপ্পা একটি ব্যক্তিগত গাড়িতে করে এসে আলমগীরকে লক্ষ্য করে গুলি চালায়। আলমগীরের মাথা ও পেটে দুটি গুলি লাগে। হামলার পর দ্রুত পালিয়ে যাওয়ার সময় ছোড়া আরেকটি গুলিতে পথচারী জ্যোৎস্না বেগমের ডান পায়ে গুলি লাগে।
আহত আলমগীরকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। অপর আহত জ্যোৎস্না বেগমকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউডি/এবি

