মসজিদে নববীতে ভিড় আছে কিনা, জানা যাবে অনলাইনে

মসজিদে নববীতে ভিড় আছে কিনা, জানা যাবে অনলাইনে

উত্তরদক্ষিণ। রবিবার, ০৯ আগস্ট, ২০২৬, আপডেট ১২:২০

সৌদি আরবের মসজিদে নববী জিয়ারতকারীদের সফরের পরিকল্পনা সুশৃঙ্খল করতে ও মসজিদ চত্বরে সহজে চলাচলের সুবিধার্থে নতুন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে দেশটির গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর জেনারেল অথরিটি।

কর্তৃপক্ষের ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহার করা যাবে এই প্ল্যাটফর্ম। সফরের আগে ও মসজিদে অবস্থানের সময় প্রয়োজনীয় তথ্য ও বিভিন্ন সেবা পাওয়া যাবে এতে। এর মাধ্যমে জিয়ারতকারীদের সামগ্রিক অভিজ্ঞতা আরও উন্নত করা এবং ডিজিটাল সেবার মান বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন সেবাগুলোর মধ্যে রয়েছে মসজিদে নববীর ইন্টার‌্যাকটিভ মানচিত্র, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি সালাম পেশের পথে লাইভ ভিড় পর্যবেক্ষণ সেবা, নামাজের স্থান খালি থাকার রিয়েল-টাইম তথ্য, দর্শনার্থী সেবা পোর্টাল, মানারাতুল হারামাইন প্ল্যাটফর্ম, মুসল্লিদের জন্য গাইড এবং শিশুদের আতিথেয়তা কেন্দ্র।

ইন্টার‌্যাকটিভ মানচিত্রে মসজিদের বিভিন্ন স্থাপনা ও সেবাকেন্দ্রের হালনাগাদ তথ্য পাওয়া যাবে। এর ফলে জিয়ারতকারীরা মসজিদ চত্বরে আরও সহজে চলাচল করতে পারবেন।

ভিড় পর্যবেক্ষণ সেবার মাধ্যমে মুসল্লিরা রওজা শরিফ ও সালাম পেশের স্থানমুখী পথে যাওয়ার আগে সেখানে ভিড়ের মাত্রা সম্পর্কে জানতে পারবেন। আর নামাজের স্থান খালি থাকার তথ্যের মাধ্যমে নামাজ আদায়ের জন্য উপযুক্ত সময় ও স্থান বেছে নেওয়া সহজ হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগ সৌদি আরবের ডিজিটাল রূপান্তর কৌশলকে এগিয়ে নেওয়ার পাশাপাশি মসজিদে নববীর জিয়ারতকারীদের জন্য সেবাগুলো আরও সহজলভ্য করবে এবং তাদের সামগ্রিক অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading