বিদেশে পড়াশোনার ফি দিতে ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারের অনুমতি

বিদেশে পড়াশোনার ফি দিতে ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারের অনুমতি

উত্তরদক্ষিণ। সোমবার, ১০ আগস্ট, ২০২৬, আপডেট ১৮:০৯

বিদেশে উচ্চশিক্ষার টিউশন ফি ও অন্যান্য অনুমোদিত শিক্ষা-সংক্রান্ত ব্যয় পরিশোধের প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে শিক্ষার্থী কিংবা তাদের শিক্ষা ব্যয় বহনকারী অভিভাবক বা ব্যক্তির নামে আন্তর্জাতিক ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড ইস্যু করতে পারবে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো। এসব কার্ড ব্যবহার করে বিদেশি বিশ্ববিদ্যালয় ও ভর্তি-সংক্রান্ত অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি শিক্ষা ব্যয় পরিশোধ করা যাবে।

সোমবার (১০ আগস্ট) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বিদেশি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন অনলাইন ভর্তি প্ল্যাটফর্মে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে টিউশন ফি ও আনুষঙ্গিক শিক্ষা ব্যয় পরিশোধের চাহিদা বেড়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের এই চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে এডি ব্যাংকগুলোকে শিক্ষা ব্যয় পরিশোধের জন্য আন্তর্জাতিক কার্ড ইস্যুর অনুমতি দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, কার্ডটি সরাসরি শিক্ষার্থীর নামে অথবা তার পড়াশোনার যাবতীয় ব্যয় বহনকারী অভিভাবক বা ব্যক্তির নামে ইস্যু করা যাবে। এসব কার্ড দিয়ে বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি এবং অনুমোদিত অন্যান্য শিক্ষা-সংক্রান্ত ব্যয় পরিশোধ করা যাবে।

এই ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো, শিক্ষা খাতে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে করা বৈদেশিক মুদ্রার লেনদেনকে প্রচলিত বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটার বাইরে রাখা হয়েছে। ফলে বিদেশে পড়াশোনার জন্য টিউশন ফি ও অনুমোদিত শিক্ষা ব্যয় পরিশোধ করলে তা সাধারণ ভ্রমণ কোটার বৈদেশিক মুদ্রা ব্যবহারের সঙ্গে সমন্বয় হবে না।

তবে কার্ড ইস্যু ও ব্যবহারের ক্ষেত্রে বিদ্যমান বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত বিধিবিধান এবং প্রয়োজনীয় নিয়ন্ত্রক আনুষ্ঠানিকতা যথাযথভাবে অনুসরণ করতে হবে। কার্ড অপব্যবহার ঠেকাতে এডি ব্যাংকগুলোকে নিশ্চিত করতে হবে, নির্ধারিত সময়সীমার মধ্যে কার্ড ব্যবহার করে কেবল অনুমোদিত শিক্ষা-সংক্রান্ত ব্যয়ই পরিশোধ করা হচ্ছে।

এ ছাড়া প্রতিটি লেনদেনের প্রয়োজনীয় তথ্য ও রেকর্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। নির্ধারিত পারপাস কোড ব্যবহার করে এসব লেনদেনের তথ্য নিয়ম অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের কাছে প্রতিবেদন করার নির্দেশও দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনার ফলে বিদেশে উচ্চশিক্ষার জন্য টিউশন ফি, ভর্তি-সংক্রান্ত ফি এবং অন্যান্য অনুমোদিত শিক্ষা ব্যয় পরিশোধে শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক কার্ড ব্যবহারের একটি নতুন ও তুলনামূলক সহজ সুযোগ তৈরি হলো।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading