বাংলা কিউআরে লেনদেন চার্জ শূন্য: ক্যাশলেস কেনাকাটায় নতুন ধাপ

বাংলা কিউআরে লেনদেন চার্জ শূন্য: ক্যাশলেস কেনাকাটায় নতুন ধাপ

উত্তরদক্ষিণ। সোমবার, ১০ আগস্ট, ২০২৬, আপডেট ১৮:২২

ডিজিটাল লেনদেন আরও বাড়াতে বাংলা কিউআর কোডভিত্তিক সব ধরনের লেনদেনে ইন্টারচেঞ্জ রিইম্বার্সমেন্ট ফি (আইআরএফ) শূন্য নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআর লেনদেনের ক্ষেত্রে ইস্যুকারী প্রতিষ্ঠানকে অ্যাকোয়ারিং প্রতিষ্ঠান থেকে কোনও ফি বা সেবা মাশুল দেওয়া হবে না।

সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২ এই সংক্রান্ত সার্কুলার লেটার জারি করেছে। এতে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরকে (পিএসও) এই নির্দেশনা দেওয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়, ডিজিটাল লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে বাংলা কিউআর কোডভিত্তিক সব লেনদেনে আইআরএফের হার শূন্য নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ কোনও বাংলা কিউআর লেনদেনের ক্ষেত্রে ইস্যুকারী প্রতিষ্ঠান অ্যাকোয়ারিং প্রতিষ্ঠানের কাছ থেকে কোনও ফি বা সেবা মাশুল পাবে না।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন এই নির্দেশনা আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। একই সঙ্গে ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি জারি করা পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের সার্কুলারের বাংলা কিউআর লেনদেন-সংক্রান্ত নির্দেশনাগুলো সংশোধিত হিসেবে গণ্য হবে।

এছাড়া চলতি বছরের ১ জুলাই জারি করা পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২-এর সার্কুলার লেটার নম্বর-০৫-এ দেওয়া নির্দেশনাগুলোও আগামী ১ অক্টোবর থেকে রহিত করা হবে। তবে আগের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ ব্যাংক ১ জুলাই থেকে ব্যবসায়ীদের জন্য বাংলা কিউআর ব্যবহারের বিষয়টি বাধ্যতামূলক করেছে। একই কিউআর কোডের মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানের গ্রাহকের কাছ থেকে অর্থ গ্রহণের সুযোগ থাকায় দেশে ডিজিটাল লেনদেন বাড়াতে বাংলা কিউআর-কে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচনা করা হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ এই সিদ্ধান্তের ফলে বাংলা কিউআর লেনদেনের ক্ষেত্রে আন্তঃপ্রতিষ্ঠানিক ফি-সংক্রান্ত ব্যয় কমবে। এর মাধ্যমে ব্যবসায়ী ও গ্রাহক পর্যায়ে কিউআরভিত্তিক ডিজিটাল লেনদেন আরও উৎসাহিত হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading