হলে সিট বরাদ্দে অনিয়মের অভিযোগে ঢাকা কলেজে বিক্ষোভের ডাক

হলে সিট বরাদ্দে অনিয়মের অভিযোগে ঢাকা কলেজে বিক্ষোভের ডাক

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, আপডেট ১১:২৫

২০২৬-২৭ সেশনের জন্য ঢাকা কলেজের হলগুলোতে নতুন করে সিট বরাদ্দে প্রশাসনের অনিয়ম ও রাজনৈতিক স্বজনপ্রীতির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ২টায় কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।

কর্মসূচির ঘোষণা দেওয়া শিক্ষার্থী শাহিন আলম জানান, হলের সিট বরাদ্দে অ্যাকাডেমিক রেজাল্ট, শ্রেণিকক্ষে উপস্থিতি ও শিক্ষার্থীর আর্থিক অবস্থা বিবেচনা করে সিট বরাদ্দ দেওয়া হয়নি। রাজনৈতিক দলের সুপারিশে হলে সিট বরাদ্দের নীতিমালা না মেনে সিট দেওয়া হয়েছে। এই অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীরা কর্মসূচি পালন করবে।

এদিকে, অংকন চন্দ্র নামে এক শিক্ষার্থী ফেসবুক পোস্টে বলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিটু দাস সম্প্রতি তার বাবাকে হারিয়েছেন। পারিবারিক সংকটের মধ্যে পড়াশোনার পাশাপাশি তিনি ফুডপান্ডায় কাজ করছেন। তবে ২০২৬-২৭ অর্থবছরের জন্য বিভিন্ন ছাত্রাবাসে সিট বরাদ্দের তালিকায় মিটুর নাম নেই বলে দাবি করা হয়েছে।

কলেজটির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. মঞ্জু ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি ইংরেজি বিভাগ থেকে সাত কলেজের মধ্যে প্রথম হয়েছি। বিভাগ থেকে আমার নামও দেওয়া হয়েছিল। অথচ হলে সিট পেয়েছে এমন শিক্ষার্থীরা, যারা তিন থেকে চারটি বিষয়ে ফেল করেছে।

ঢাকা কলেজ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা এক ফেসবুক পোস্টে সিট বরাদ্দের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, কলেজ প্রশাসনের বিজ্ঞপ্তিতে শ্রেণিকক্ষে উপস্থিতি, পরীক্ষার ফলাফল ও পরিবারের আর্থিক অবস্থা বিবেচনায় সিট বরাদ্দের কথা বলা হয়েছে।

তবে তার দাবি, বাস্তবে বিভাগ থেকে ভাইভার মাধ্যমে প্রাথমিকভাবে সুপারিশ করা শিক্ষার্থীদের কয়েকজনের নাম পরবর্তী সময়ে বাদ দেওয়া হয়েছে। এতে মেধা ও আর্থিক অবস্থার ভিত্তিতে সিট বরাদ্দের মানদণ্ড যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

মাসুদ রানা আরও দাবি করেন, তিনি একজন দরিদ্র শিক্ষার্থীসহ কয়েকজন যোগ্য শিক্ষার্থীর জন্য সুপারিশ করেছিলেন। কিন্তু তাদেরও সিট দেওয়া হয়নি বলে অভিযোগ করেন।

প্রসঙ্গত, ২৪ আগস্ট রাতে ২০২৬-২৭ সেশনের জন্য ঢাকা কলেজের বিভিন্ন ছাত্রাবাসে নতুন ১১০ জনকে সিট বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশ করে কলেজ প্রশাসন। এরপর থেকে সিট বরাদ্দের একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীদের সিট বরাদ্দের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল বিতর্ক ও সমালোচনা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading