বিয়ের আমন্ত্রণপত্র ফাঁস, ‘বিশ্বাসঘাতকতায়’ হতাশ টেইলর সুইফট
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, আপডেট ১১:৪৩
জনপ্রিয় আমেরিকার গায়িকা টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির কথিত বিয়ের আমন্ত্রণপত্র অনলাইনে ফাঁস হওয়ার ঘটনায় ক্ষুব্ধ ও হতাশ হয়েছেন টেইলর। সামাজিক যোগাযোগমাধ্যমে আমন্ত্রণপত্রটি ছড়িয়ে পড়ার পর সেটি সরাতে তার দল দ্রুত পদক্ষেপ নেয় বলে জানা গেছে।
রাডারঅনলাইন ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, টেইলর ও ট্রাভিসের কথিত বিয়ের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছিল। পরে ছবিটির স্বত্বাধিকারী হিসেবে টেইলরকে উল্লেখ করে করা কপিরাইট অভিযোগের পর পোস্টটি সরিয়ে দেয় ইনস্টাগ্রাম।
একটি সূত্রের দাবি, ‘টেইলর অনুমতি ছাড়া ছবিটি অনলাইনে ছড়িয়ে পড়তে দিতে চাননি।’ বিয়েটি তার কাছে অত্যন্ত ব্যক্তিগত বিষয় হওয়ায় আমন্ত্রণপত্রটি দ্রুত সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয় বলেও দাবি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিয়েতে আমন্ত্রিত একজন অতিথি প্রথমে আমন্ত্রণপত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। পরে সেটি মুছে ফেললেও এরই মধ্যে ছবিটির স্ক্রিনশট ছড়িয়ে পড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে।
আরেকটি সূত্র দাবি করেছে, অতিথিদের ব্যক্তিগত বিষয়টি গোপন রাখার ওপর আস্থা রেখেছিলেন টেইলর। সেই বিশ্বাসের কারণে আমন্ত্রণপত্র ফাঁসের ঘটনায় তিনি ‘পুরোপুরি বিশ্বাসঘাতকতার শিকার’ বোধ করেছেন।
জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন
প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, ৩ জুলাই নিউইয়র্ক শহরের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে প্রায় এক হাজার অতিথির উপস্থিতিতে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির বিয়ে হয়।
অনুষ্ঠানে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন অভিনেতা ও কৌতুকশিল্পী অ্যাডাম স্যান্ডলার। ট্রাভিসের বড় ভাই জেসন কেলসি ছিলেন তার বেস্ট ম্যান। আর টেইলরের ভাই অস্টিন ছিলেন তার ‘ম্যান অব অনার’।
জেসন ও কাইলি কেলসির মেয়েরা বিয়ের অনুষ্ঠানে ফুল ছড়ানোর দায়িত্বে ছিল বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।
অনুষ্ঠানে টেইলর ও ট্রাভিস দুজনেই ক্রিশ্চিয়ান ডিওরের হাউট কুতুর পোশাক পরেছিলেন বলে জানা গেছে। টেইলর তার সাজ সম্পূর্ণ করেছিলেন কার্তিয়েরের গয়না দিয়ে।
বিয়ের ছবি প্রকাশ্যে আসেনি
তবে কথিত বিয়ের কোনো আনুষ্ঠানিক ছবি এখনো প্রকাশ্যে আসেনি। এর আগে ডিওরের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল, টেইলর তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রথমবারের মতো বিয়ের ছবি প্রকাশ করবেন।
সম্প্রতি অফসিজন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাভিসও বিয়ের অনুষ্ঠান নিয়ে মন্তব্য করেন। তিনি সেই রাতকে নিজের জীবনের ‘সেরা রাত’ হিসেবে উল্লেখ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত হয়ে উদযাপনে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানান।
এদিকে নতুন এনএফএল মৌসুম সামনে রেখে কানসাস সিটি চিফসের সতীর্থদের সঙ্গে প্রস্তুতি নিচ্ছেন ট্রাভিস।
অন্যদিকে টেইলর ‘দ্য এরাস ট্যুর: দ্য ফাইনাল শো’-এর জন্য এমি অ্যাওয়ার্ডের প্রচারে ব্যস্ত রয়েছেন। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে অ্যাওয়ার্ডের ভোটারদের জন্য আয়োজিত একটি ঘরোয়া অনুষ্ঠানে আকস্মিকভাবে উপস্থিত হয়েও চমক দেন তিনি।
ইউডি/কেএস

