বিচারের দাবিতে আহত মুরগি নিয়ে থানায় গৃহবধূ
উত্তরদক্ষিণ। রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, আপডেট ০৮:০০
বগুড়ার গাবতলীতে মুরগিকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে তার মালিকের ভাসুরের বিরুদ্ধে। এ ঘটনার বিচার এবং আহত মুরগির চিকিৎসার দাবিতে সেটিকে সঙ্গে নিয়ে থানায় হাজির হয়েছেন শম্পা রানী নামের এক গৃহবধূ। ব্যতিক্রমী এ ঘটনায় এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়েছে।
শম্পা রানী গাবতলী উপজেলার ধনঞ্জয় গ্রামের বাসিন্দা। তার অভিযোগ, বাড়িতে পালন করা ডিমপাড়া একটি মুরগির মাথায় লাঠি দিয়ে আঘাত করেন তার ভাসুর। এতে মুরগিটি গুরুতর আহত হয়। পরে এর নাক ও মুখ দিয়ে রক্ত বের হতে থাকে।
শম্পা রানী জানিয়েছেন, মুরগিকে কেন আঘাত করা হয়েছে, তা জানতে চাইলে তার ভাসুর মুরগিটি জবাই করতে বলেন। এতে তিনি ক্ষুব্ধ হন। পরে আহত মুরগির চিকিৎসা এবং ঘটনার বিচার চাইতে সেটিকে সঙ্গে নিয়ে গাবতলী মডেল থানায় যান।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিব হোসেন জানিয়েছেন, শম্পা রানী আহত মুরগি নিয়ে থানায় এসে মৌখিকভাবে অভিযোগ করেছেন। মুরগির চিকিৎসার জন্য তাকে দ্রুত উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ইউডি/কেএস

