দাখিল প্রাইভেট পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু, শেষ সময় ১৩ সেপ্টেম্বর

দাখিল প্রাইভেট পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু, শেষ সময় ১৩ সেপ্টেম্বর

উত্তরদক্ষিণ। রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, আপডেট ১৩:৪০

২০২৭ সালের দাখিল (প্রাইভেট) পরীক্ষায় অংশ নিতে চাওয়া পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া থেকে শুরু হয়েছে। যা চলবে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।

রবিবার (৩০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ সালের দাখিল প্রাইভেট পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী পরীক্ষার্থীর বয়স ২০২৭ সালের ১ জানুয়ারি তারিখে কমপক্ষে ১৯ বছর হতে হবে। শুধু ২০২৭ সালের দাখিল পরীক্ষার কেন্দ্র রয়েছে এমন মাদ্রাসা থেকেই প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন করা যাবে।

নির্দেশনা অনুযায়ী, প্রাইভেট পরীক্ষার্থীরা শুধু সাধারণ ও মুজাব্বিদ শাখায় পরীক্ষায় অংশ নিতে পারবে। এ ক্ষেত্রে কোনো অতিরিক্ত বিষয় নেওয়ার সুযোগ রাখা হয়নি। এছাড়া প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মেয়াদ এক বছর নির্ধারণ করা হয়েছে। এ মেয়াদ কোনোভাবেই নবায়ন করা যাবে না।

রেজিস্ট্রেশন ফি ও তথ্য এন্ট্রির বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে ২৪১ টাকা রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার কার্যক্রম আজ থেকে শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ফি সফলভাবে জমা হওয়ার পরই পরীক্ষার্থীদের তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন চালু হবে। এরপর ১৫ সেপ্টেম্বর এর মধ্যে ই-এসআইএফ এন্ট্রি সম্পন্ন করতে হবে।

বোর্ড জানিয়েছে, পরীক্ষার্থীদের জন্মনিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সঠিকভাবে সব তথ্য এন্ট্রি করতে হবে। এরপর প্রিন্ট কপি নিয়ে ভালোভাবে যাচাই-বাছাই করতে হবে। কোনো ভুল থাকলে তালিকার সম্পাদনা অপশন ব্যবহার করে তা সংশোধন করা যাবে।

রেজিস্ট্রেশনের জন্য যেকোনো ব্রাউজার থেকে বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ই-এসআইএফ অপশনে যেতে হবে। এরপর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ইআইআইএন ও এন্ট্রি পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। পেমেন্ট অপশনে গিয়ে শিক্ষার্থীর সংখ্যা এন্ট্রি করার পর সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে। তবে চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

বোর্ডের নির্দেশনায় আরও বলা হয়েছে, ডাকযোগে বা সরাসরি কোনো ধরনের আবেদনপত্র কিংবা ফরম পূরণসংক্রান্ত কাগজপত্র গ্রহণ করা হবে না। সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনলাইনে নির্ধারিত নিয়ম অনুসরণ করে সম্পন্ন করতে হবে।

এদিকে, রেজিস্ট্রেশন ফি দিতে বা তথ্য এন্ট্রি করতে কোনো কারিগরি সমস্যা হলে অফিস চলাকালীন সময়ে প্রতিষ্ঠানের ইআইআইএনভিত্তিক নির্ধারিত সিম নম্বর দিয়ে ০১৭১৩-০৬৮৯০৯ ও ০১৮২৪-৬০৬৬৫৪ নম্বরে যোগাযোগ করা যাবে বলেও জানানো হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading