ঢাকায় শিশু গৃহকর্মী খুনের অভিযোগে গৃহকর্ত্রী গ্রেপ্তার
ঢাকার মোহাম্মদপুরে ১২ বছরের এক গৃহকর্মীকে হত্যার অভিযোগে এক গৃহকর্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মারধর করে মেয়েকে হত্যার অভিযোগ এনে শিশুটির বাবা বৃহস্পতিবার মামলা করার পর পুলিশ রোকসানা পারভীন নামে ওই গৃহকর্ত্রীকে গ্রেপ্তার করে।
মোহাম্মদপুর স্যার সৈয়দ রোডের সাঈদ আহমেদ নামের এক প্রকৌশলীর স্ত্রী রোকসানা।
ওই শিশুটির বাবার বাড়ি বগুড়ার গাবতলীতে। মেয় অসুস্থ বলে খবর পাঠানো হয়েছিল তাকে। তা শুনে বুধবার তিনি ঢাকায় এসে মেয়ের লাশ পান। বৃহস্পতিবার ময়না তদন্ত শেষে লাশ গ্রামের বাড়ি নিয়ে যান।
পুলিশ জানায়, মঙ্গলবার মধ্যরাতে মোহাম্মদপুরের ওই বাসা থেকে অসুস্থ অবস্থায় শিশুটিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল করে।
হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সেলিম রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়েটির সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল। এসব আঘাতের কারণে অভ্যন্তরীণ রক্তক্ষরণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
প্রকৌশলী সাঈদের বাসায় চার বছর ধরে কাজ করে আসছিল ওই শিশুটি। তিনি বগুড়ায় থাকাকালীন মেয়েটি কাজে যোগ দিয়েছিল। পরে ঢাকায় বদলি হয়ে এলে শিশুটিকেও নিয়ে আসেন।
পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী সাঈদ বদলি হয়ে পিরোজপুরে গেলেও তার পরিবার ঢাকার মোহাম্মদপুরের ওই বাড়িতে থাকেন।

