আইন অমান্য করে গ্রামীনফোনের সঙ্গে চুক্তি কঠিন শাস্তি হতে পারে সাকিবের

আইন অমান্য করে গ্রামীনফোনের সঙ্গে চুক্তি কঠিন শাস্তি হতে পারে সাকিবের

উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ২৭ অক্টোবর ২০১৯ ০০:০০

ধর্মঘটের রেশ না কাটতেই নতুন ঝামেলায় পড়তে যাচ্ছেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আইন ভঙ্গ করে গ্রামীনফোনের সঙ্গে চুক্তি করার অভিযোগে বিশ্বসেরা অলরাউন্ডারকে কারণ দর্শানোর নোটিশ পাঠাচ্ছে বিসিবি। এক সাক্ষাত্কারে এ কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, সাকিব সঠিক জাবাব না দিতে পারলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত সোমবার (২১ অক্টোবর) ধর্মঘটে যাওয়ার পরদিন গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে টেলিকম কোম্পানির সঙ্গে চুক্তি করেন সাকিব। বিসিবির আইন অনুযায়ী, অনুমতি না নিয়ে এ ধরনের চুক্তি করতে পারবে না কোনো খেলোয়াড়। রবি বাংলাদেশ দলের স্পন্সর হওয়ার পর একটি আইন করে বিসিবি। তা হলো- টেলিকম কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি করতে গেলে অনাপত্তিপত্র নিতে হবে বোর্ড থেকে। কিন্তু সাকিব অনাপত্তিপত্র নেননি। এমনকি বোর্ডের কাউকেই অবহিত করেননি। এতেই ক্ষেপেছেন বোর্ড প্রেসিডেন্ট। নাজমুল হাসান পাপন বলেন, ‘লিখিতভাবে ওদের বলে দেওয়া আছে। রবি আমাদের টাইটেল স্পন্সর হলো। গ্রামীণ বিডই করলো না। না করে এক-দুই কোটি দিয়ে খেলোয়াড়দের নিয়ে ফেলল। এতে শেষ পর্যন্ত কী হলো? তিন বছরে বোর্ডের ৯০ কোটি টাকা লস হলো। খেলোয়াড় লাভবান হলো। কিন্তু বোর্ডের তো ১২টা বেজে গেল। এটি তো হতে পারে না। তাই লিখিতভাবে ওদের জানিয়ে রাখা আছে। এমনকি আমার জানা মতে, মন্ত্রণালয় থেকেও ওদের বলা আছে যে না জানিয়ে টেলকোর সঙ্গে চুক্তি করা যাবে না। আমাদের সঙ্গে চুক্তি তো আছেই। তারপরও আমাদের না জানিয়ে কী করে চুক্তি করে?’ কী ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নে বোর্ড প্রেসিডেন্ট বলেন, ‘আমরা লিগ্যাল অ্যাকশনে যাচ্ছি। কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা ক্ষতিপূরণ দাবি করবো।’ এখন পর্যন্ত সাকিব আল হাসান কোনো উত্তর দেয়নি বোর্ডকে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading