ত্রি-নয়নী নাট্যোত্সবে বেদের মেয়ে জোত্স্না
উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ২৮ অক্টোবর ২০১৯ ০০:০০
রাজধানীর বরদেশ্বরী কালীমাতা মন্দির প্রাঙ্গণে চলছে তিন দিনব্যাপী ‘ত্রি-নয়নী নাট্যোত্সব’। এ উত্সবের ২য় দিন আজ (২৮ অক্টোবর) মঞ্চায়িত হবে পদাতিক নাট্য সংসদের ‘বেদের মেয়ে জোত্স্না’। পল্লী কবি জসিমউদ্দীন রচিত ‘বেদের মেয়ে’ নাটকটি নির্দেশনা দিয়েছেন ড. আইরিন পারভীন লোপা। ‘বেদের মেয়ে’ চম্পাবতির করুণ জীবন কাহিনীর মধ্য দিয়ে গ্রাম বাংলার বেদে জাতির জীবনযাত্রার এক চালচিত্র এই নাটকটিতে তুলে ধরা হয়েছে। চম্পাবতী আদর্শ বেদে নারীর প্রতীক। তার রূপে গুণে মোচ্ছন্ন হয়ে লোভী মোড়ল তার লাঠিয়ালের জোরে চম্পাবতীকে কেড়ে নেয়। অসহায় চম্পাবতির স্বামী গয়ার প্রতিবাদ কোনই কাজে আসে না। নিরুপায় গয়া চম্পাবতীকে রেখেই, তার বেদে দলকে নিয়ে চলে যায় গ্রাম থেকে গ্রামান্তরে তাদের স্বাভাবিক জীবন যাত্রায়। গয়া আবার বিয়ে করে সংসারি হয়। অপরদিকে চম্পাবতীর বেদে জীবনের উচ্ছলতা, হাসি-আনন্দ আটকে পরে মোড়লের ঘরে এক আবদ্ধ জীবনে। এক সময় মোড়লের কাছে চম্পাবতীর প্রয়োজন ফুরিয়ে যায়। বিতাড়িত হয়ে চম্পাবতী আবার ফিরে আসে তার শেকড়ে, তার বেদে জাতির কাছে। কিন্তু গয়া তাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না। অসহায় চম্পাবতী তার স্বামীর সান্নিধ্যে থাকার চেষ্টা করে। কিন্তু একসময় সেখানেও তার স্থান হয় না। স্বামীর অবহেলা আর গঞ্জনা বুকে নিয়ে চম্পাবতী অজানার উদ্দেশ্যে পাড়ি দেয়। কিন্তু যখনই শুনতে পায় তার স্বামী সাপের কামড়ে মৃত্যু শয্যায়, তখনই সে সব ভুলে ফিরে আসে। স্বামীর শরীর থেকে সব বিষ চুষে নিয়ে স্বামীকে বাঁচিয়ে দিয়ে বেদের মেয়ে চম্পাবতী নিজ জীবনের অবসান ঘটায়। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সৈয়দা শামছি আরা সায়েকা, মমিনুল হক দিপু, আরিফ, জুয়েল, শাখাওয়াত হোসেন শিমুল, চমক তারা, কামরুল হাসান, অন্তরা দাস পৃথা, পুষ্প, রোজা, আফরোজা পিংকি, শোভন, প্রান্ত, আছিয়া প্রমুখ। নাটকের সঙ্গীত জামান, শিমুল, শুভ, শরিফ, ইমরান, জিতু, নিঝুম, পৃথা, পুষ্প, মৃত্তিকা।

