ফের রাস্তায় বুয়েট শিক্ষার্থীরা – দাবি পূরণ না হলে কঠোর হওয়ার হুঁশিয়ারি
উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ৩০ অক্টোবর ২০১৯ প্রকাশ ০০:০১ আপডেট ১০:১৮
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকে কেন্দ্র করে ১০ দফা দাবি আদায়ে ক্লাস-পরীক্ষা বর্জন চালিয়ে আসা শিক্ষার্থীরা ফের কঠোর অবস্থান যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল ৪টায় বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে সংবাদ সম্মেলনে তারা এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাহমুদ রহমান সায়েম ও অন্তরা তিথি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমরা চাই না প্রশাসনে থাকা দায়িত্বশীল ব্যক্তিবর্গ পারস্পরিক দোষারোপ করে কাজের গতি স্থবির করে দিক।’ প্রশাসনের সদিচ্ছা থাকলেও তাদের মধ্যে সমন্বয়হীনতা এখনও রয়ে গেছে মন্তব্য করে তারা বলেন, ‘এরই মধ্যে সময় অনেক গড়িয়েছে। প্রশাসন তত্পর হলে এই সময়ের মধ্যেই আরও অনেক অগ্রগতি হতো। প্রয়োজনে আমরা সকল সাধারণ শিক্ষার্থী ভিসি স্যারের সাথে আবার আলোচনায় বসতে তৈরি আছি।’ এ সময় তারা বলেন, ‘প্রশাসন তত্পর না হলে আমরা কঠোর অবস্থানে যেতে বাধ্য হব।’
সংবাদ সম্মেলনের শুরুতে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, গত ৭ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে ট্রিপল-ই বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এর পরিপ্রেক্ষিতে ৮ অক্টোবর থেকে আমরা প্রথমে ৮ দফা এবং পরবর্তী সময়ে সংশোধিত ১০ দফা দাবি নিয়ে আন্দোলন এবং প্রতিবাদ কর্মসূচি পালন করতে থাকি।

