লস এঞ্জেলসে দাবানল – পালাচ্ছেন হলিউড তারকারাও
উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ৩০ অক্টোবর ২০১৯ প্রকাশ ০০:০১ আপডেট ১০:৪৫
দ্রুত ছড়িয়ে পড়া একটি দাবানলে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস শহরের অন্যতম অভিজাত এলাকা ব্রেন্টউডের অন্তত পাঁচটি মাল্টিমিলিয়ন ডলারের বাড়ি পুড়ে ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় গত সোমবার মধ্যরাতে ওই এলাকায় বসবাসকারী বেশ কয়েকজন তারকা তাদের বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হন বলে জানিয়েছে। দাবানলের কারণে নগরীটির বেশ কয়েকটি আবাসিক এলাকার কয়েক হাজার বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। ইতোমধ্যেই প্রায় ৫০০ একরব্যাপী ছড়িয়ে পড়া আগুনের কারণে শহরটির বিখ্যাত গেটি সেন্টার মিউজিয়াম হুমকির মুখে পড়েছে। লস এঞ্জেলসের পশ্চিম অংশে গেটি সেন্টারের কাছে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটের দিকে নতুন করে অগ্নিকাণ্ড শুরু হয়। এখান থেকে কয়েকশত কিলোমিটার দূরে সান ফ্রান্সিসকোর উত্তরদিকে বুধবার রাত থেকে ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় ও ধ্বংসাত্মক দাবানল ‘কিনকেইড’ পাঁচ দিন ধরে তাণ্ডব চালাচ্ছে। দাবানলের কারণে ওই অঞ্চলের এক লাখ ৮০ হাজার বাসিন্দাকে ঘরবাড়ি ছেড়ে যাওয়ার নিদের্শ দেওয়া হয়েছে।

