আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে চোরাগোপ্তা হামলায় নিহত ৩৭

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে চোরাগোপ্তা হামলায় নিহত ৩৭

বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলে একটি সোনার খনির কর্মীদের বহনকারী গাড়িবহরে বন্দুকধারীদের চোরাগোপ্তা হামলায় ৩৭ বেসামরিক নিহত হয়েছেন। এ হামলার ঘটনায় ৬০ জনেরও বেশি আহত হয়েছেন বুধবার দেশটির আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে।

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর ওই সোনার খনিটি কানাডার সেমাফো কোম্পানি পরিচালনা করে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।  এক বিবৃতিতে সেমাফো জানিয়েছে, বুরকিনার পূবাঞ্চলীয় এলাকা অ্যাস্টে তাদের বোউনগৌ খনিতে সামরিক পাহারায় পাঁচটি বাসে করে কর্মীদের নেওয়ার সময় রাস্তায় হামলাটি হয়।

বোউনগৌ খনি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে হামলার ঘটনাটি ঘটেছে এবং এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে তারা।  পরে অ্যাস্টের গভর্নর দপ্তর ঘটনার বিস্তারিত জানিয়ে বলে, “অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা সেমাফোর কর্মীদের বহনকারী একটি গাড়িবহরের ওপর চোরাগোপ্তা হামলা চালিয়েছে।”

এতে অন্তত ৩৭ জন বেসামরিক নিহত ও ৬০ জনেরও বেশি আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে তারা।

এই হামলায় নিরাপত্তা বাহিনীর বহু সদস্যও নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে অ্যাস্টের গর্ভনর দপ্তর থেকে দেওয়া হতাহতের সংখ্যায় তাদের অন্তর্ভুক্ত করা হয়নি বলে জানিয়েছে রয়টার্স।

নিরাপত্তা সূত্রগুলোর ভাষ্যমতে বহু সংখ্যক লোক নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে রয়টার্স। দুটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, পথে গাড়িবহরের সামনে থাকা সামরিক যান লক্ষ্য করে আইইডির বিস্ফোরণ ঘটানো হয়। এর পরপরই অজ্ঞাত সংখ্যক বন্দুকধারী গাড়িবহর লক্ষ্য করে গুলি শুরু করে।

এমন জায়গায় হামলাটি চালানো হয় যেখানে মোবাইল ফোনের কোনো নেটওয়ার্ক ছিল না।ওই দুই সূত্রের একজন জানান, বন্দুকধারীরা পাহারারত সামরিক সদস্যদের ওপর হামলার পাশাপাশি বাসগুলোকেও লক্ষ্যস্থল করেছে যা সচরাচর ঘটে না।  

ডিসেম্বরে একই সড়কে পুলিশের একটি গাড়ির ওপর হামলা চালানো হয়েছিল, তখন পাঁচ পুলিশ নিহত হয়েছিল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading