ধারাভাষ্যকার ধোনি!
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৭ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪৮
টেস্ট ছেড়েছেন অনেকদিন আগে। চালিয়ে যাচ্ছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি। তবে বিশ্বকাপের পর কোন খেলাতেই দেখা যায়নি মাহেন্দ্র সিং ধোনিকে। তবে এবার তাকে দেখা যেতে পারে ধারাভাষ্যকার হিসেবে। সবকিছু ঠিকঠাক থাকলে এবং ইন্ডিয়ার ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) অনুমতি দিলে ইডেন গার্ডেনে বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যকার দিবা-রাত্রির টেস্টে তাকে ধারাভাষ্যকার হিসেবে পেতে পারেন ক্রিকেটপ্রেমীরা। ইন্ডিয়ার সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ধোনি ‘ব্রডকাস্টারদের’ কাছ থেকে ধারাভাষ্য দেওয়ার প্রস্তাব পেয়েছেন। সেই প্রস্তাবে রাজিও হয়েছেন তিনি। তাই ব্রডকাস্টারদের পক্ষ থেকে এ বিষয়ে অনুমতি চাওয়া হয়েছে বিসিসিআইয়ের কাছে। অনুমতি মিললে ইডেন গার্ডেনে দিবা-রাত্রির টেস্টে ধারাভাষ্য দেবেন ক্যাপ্টেন কুল। এ বিষয়ে ইন্ডিয়ার ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের একজন কর্মকর্তা বলেছেন, ‘হ্যাঁ, ব্রডকাস্টাররা ধোনিকে পেতে একটি প্রোপোজাল পাঠিয়েছে। যদিও আমরা এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। তবে যদি অনুমতি দেওয়া হয় তাহলে ধোনি ইডেনে অনুষ্ঠিত হতে যাওয়া দিবা-রাত্রির টেস্টে ধারাভাষ্য দেবেন।’

