হুমায়ূন আহমেদের জন্মদিনে শিল্পকলায় দেবী

হুমায়ূন আহমেদের জন্মদিনে শিল্পকলায় দেবী

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৩ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫৮

আজ নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭১তম জন্মদিন। এ উপলক্ষে আজ (১৩ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে বহুবচন থিয়েটারের বিশেষ নাটক ‘দেবী’। হুমায়ূন আহমেদ রচিত জনপ্রিয় মিসির আলী সিরিজের একটি অনন্য সৃষ্টি ‘দেবী’। এই উপন্যাস অবলম্বনে রচিত হয়েছে মঞ্চনাটক ‘দেবী’। এটি নির্দেশনা দিয়েছেন আরহাম আলো। ‘দেবী’ নাটকটির কেন্দ্রীয় চরিত্র রানু ষোল-সতের বছর বয়সী এক কিশোরী। তার মনের চেতন এবং অবচেতন মনের দ্বন্দ্বের গল্প। একদিকে রানুর মনোজগতে দেবীর উপস্থিতি অপরদিকে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিসির আলীর যৌক্তিক বাস্তব ব্যাখ্যার মধ্যে দিয়ে তৃতীয় মাত্রার আত্ম উপলব্ধির নাটক দেবী। রানুকে নিয়ে রহস্য আবার রহস্যের উন্মোচন শেষে নতুন রহস্যের অবতারণ একদমই হুমায়ূন আহমদের রচনার অতি আশ্চর্য কৌশল। গল্পটি শুরু হয় এক মাঝরাতের বর্ণনা থেকে। রানু কিছু অস্বাভাবিক অস্তিত্বের উপস্থিতি টের পেতে থাকে, যার বাস এই মর্ত্যে নয়। অন্য কোনো ভুবনে। রানুর স্বামী আনিস ব্যাপারটি নিয়ে বেশ বিচলিত বোধ করেন। রানুর এই অস্বাভাবিকতাকে অসুস্থতা ধরে নিয়ে আনিস সমস্যা সমাধানের জন্য মিসির আলির শরণাপন্ন হয়। মিসির আলি রানুর বিশেষ ক্ষমতা টের পেয়ে তার ব্যাপারে আগ্রহী হয়ে ওঠে। এভাবেই এগোয় গল্প। মানুষের অতীত তো মানুষকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। এ রকম এক ভয়ংকর অতীত থেকে ১৬-১৭ বছর বয়সী রানুর প্রাণান্ত বাঁচার লড়াইয়ের প্রশ্নে দেবীসত্তাকে আঁকড়ে ধরা আর রহস্যভেদী মিসির আলির বাস্তবতা অন্বেষণের টানাপোড়েনের নাটক ‘দেবী’। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয়ে রয়েছেন মনু মাসুদ, সালাউদ্দীন আহমেদ, রুমানা হোসেন, ম্যাগডিলিন গমেজ রীনা, হ্যাপী সিকদার, স্বর্ণা, মোহাম্মদ উল্ল্যাহ মাহমুদ, আয়শা মনি, রচনা, সাহিত্য, তাপস, আলো দীপক, আরহাম আলো, জেসমিন, কবিতা, আশিক, সাগর, রাত্রি, আমি সহ আরও অনেকে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading