‘দেউলিয়া’ রিলায়্যান্সের পরিচালক অনিল অম্বানীর পদত্যাগ
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৭ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৬
নয়াদিল্লি থেকে সাবিনা ইয়াসমিন ষ ঋণের ভারে নুইয়ে পড়ে বছরের শুরুতে নিজেদের দেউলিয়া ঘোষণা করেছিল রিলায়্যান্স কমিউনিকেশন্স (আর-কম) সংস্থা। এবার সংস্থার ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিলেন শিল্পপতি অনিল ধীরুভাই অম্বানী। ইস্তফা দিয়েছেন সংস্থার আরও চার ডিরেক্টর ছায়া ভিরানি, রায়না করণী, মঞ্জরী কাকের এবং সুরেশ রঙ্গচরও। ২০১৯-’২০ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে মোট ৩০ হাজার ১৪২ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে শুক্রবারই জানিয়েছিল আর-কম। তার আগের দিনই অনিল অম্বানী-সহ বাকি তিন জন নিজ নিজ পদ থেকে ইস্তফা দেন বলে ওই সংস্থার তরফে জানানো হয়েছে। সুরেশ রঙ্গচর ইস্তফা দেন গত বুধবার। পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত আনন্দবাজারের এক প্রতিবেদনে এ কথা তুলে ধরা হয়েছে। জানা গেছে, গত বুধবার (১৩ নভেম্বর) ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অব ইন্ডিয়া এবং বম্বে স্টক এক্সচেঞ্জকে দেওয়া চিঠিতে আর-কমের তরফে বলা হয়, ‘অনিল ধীরুভাই অম্বানী, ছায়া ভিরানি, রায়না করণী, মঞ্জরী কাকের এবং সুরেশ রঙ্গচর ডিরেক্টরের পদ থেকে ইস্তফা দিয়েছেন। খুব শীঘ্রই লগ্নিকারীদের কমিটির কাছে তাঁদের ইস্তফাপত্র পাঠানো হবে।’ এর আগে, অক্টোবরের শুরুতে মণিকান্তন ভি-ও সংস্থার ডিরেক্টর এবং মুখ্য ফিনান্সিয়াল অফিসার (সিএফও) পদ থেকে ইস্তফা দেন।

