হংকংয়ে রাতভর সহিংসতা, বিশ্ববিদ্যালয় সিলগালা করেছে পুলিশ
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৯ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২০
হংকংয়ের পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ে রাতভর গণতন্ত্রপন্থি আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের পর সেটি সিলগালা করে ক্যাম্পাসটি ঘিরে রেখেছে পুলিশ। গতকাল সোমবার সকালে আন্দোলনকারীরা অবরুদ্ধ বিশ্ববিদ্যালয়টি থেকে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের লক্ষ্য করে কাঁদুনে গ্যাস ছুড়ে। ওই সময় কয়েকশ গণতন্ত্রপন্থি আন্দোলনকারী পেট্রল বোমা ও অন্যান্য অস্ত্র নিয়ে ক্যাম্পাসে পুলিশের অভিযানে জন্য অপেক্ষা করছিল বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। পরে তারা বেরিয়ে গেলে পুলিশ বিশ্ববিদ্যালয়টি সিলগালা করে দেয়। এভাবেই পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা বাহিনী ও আন্দোলনকারীদের মধ্যে সৃষ্ট অচলাবস্থা দ্বিতীয় দিনে গড়িয়েছে। রাতে সংঘর্ষের সময় আন্দোলনকারীরা পুলিশের একটি গাড়ি পুড়িয়ে দেয়। এর আগে রোববার বিকালে আন্দোলনকারীদের নিক্ষিপ্ত তীরে এক পুলিশ কর্মকর্তা আহত হন। রোববার রাতের সংঘর্ষে ৩৮ জন আহত হয়েছেন বলে নগর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। পুলিশের জলকামান থেকে ছিটানো পানি গায়ে পড়ার পর কয়েকজন আন্দোলনকারীর শরীর পুড়ে যেতে দেখেছেন রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক। রাসায়নিক ব্যবহারজনিত কারণে এমনটি ঘটেছে বলে দাবি করেছেন তিনি। কাদুনে গ্যাস ও জল কামান এড়াতে আন্দোলনকারীরা গ্যাস মুখোশ পড়ে ও সামনে ছাতা ধরে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন তিনি। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে পুলিশ বহু আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে বলে সরকারি গণমাধ্যম আরটিএইচকে জানিয়েছে।

