পদাতিক নাট্য সংসদের ‘গহনযাত্রা’
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৯ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৩৬
আগামীকাল (২০নভেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে পদাতিক নাট্য সংসদের আলোচিত প্রযোজনা ‘গহনযাত্রা’। রুবাইয়াত্ আহমেদের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। এতে একক অভিনয় করছেন শামছি আরা সায়েকা।
নাটকের গল্প প্রসঙ্গে নির্দেশক সুদীপ চক্রবর্তী জানান, এই ভূখণ্ডের কোনো এক স্থানে জন্ম হয় উগ্রপন্থার। সেই উগ্রপন্থার অনুসারীরা বিপরীত সব মতবাদ প্রত্যাখ্যান করে শুধু একটি মতবাদকেই প্রতিষ্ঠা করতে চায়। এজন্য তারা চালায় ধ্বংসলীলা, বইয়ে দেয় রক্তগঙ্গা, হত্যা করে অগণিত মানুষ, ধর্ষিত হয় অসংখ্য নারী। ভিন্ন মতাদর্শের এক ক্ষুদ্র সম্প্রদায়ের মানুষদের তারা ধরে নিয়ে বন্দি করে রাখে। বন্দিদশা থেকে পালাতে চায় অনেকে কিন্তু মারা পড়ে তারা। শুধু একজন বেঁচে যায়। তার নাম সালমা। এরপর সেখানকার খোলা প্রান্তরে পড়ে থাকা লাশগুলো সমাহিত করার উদ্যোগ নেয় সালমা। এই সময় সে নিজের অভ্যন্তরে টের পায় অপর কারো অস্তিত্ব। সেই অস্তিত্ব হয়তো তারই বর্ধিত কোনো রূপ কিংবা অপররূপে সে নিজেই অথবা অন্যকিছু। সেই অস্তিত্ব তার সঙ্গী হয়। মৃতদের কবর দেওয়ার পর সালমা খোঁজ করে তার প্রার্থিত পুরুষের। খুঁজে পায় ল্যাম্পপোস্টে ছিন্নমস্তক ঝুলে আছে সেই পুরুষের। সালমা উগ্রপন্থিদের হাতে ধরা পড়ে। এরপর গল্প নতুন দিকে প্রবাহিত হয়।
নাটকটির নির্দেশনা সহযোগী সঞ্জীব কুমার দে, সংগীত পরিকল্পনায় সাইম রানা, সংগীত সঞ্চালনায় মেহেদী হাসান মেধা, মঞ্চ পরিকল্পনায় সুদীপ চক্রবর্তী, আলোক পরিকল্পনায় আতিকুল ইসলাম জয়, দ্রব্য ও মুখোশ পরিকল্পনায় সঞ্জীব কুমার দে, মঞ্চ ও মুখোশ নির্মাণ তৈমুর হান্নান, পোশাক ও রূপসজ্জা পরিকল্পনায় শামছি আরা সায়েকাসহ অনেকে।

