দুর্নীতি দায়ে পুত্রসহ মীর নাছিরের সাজা হাইকোর্টে বহাল

দুর্নীতি দায়ে পুত্রসহ মীর নাছিরের সাজা হাইকোর্টে বহাল

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২০ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৫৮

দুর্নীতি মামলায় বিএনপির সাবেক মন্ত্রী মীর নাছির উদ্দিনের ১৩ বছর ও তার ছেলে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের তিন বছরের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে রায়ের কপি পাওয়ার তিন মাসের মধ্যে তাদেরকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। এ মামলায় পুনরায় শুনানি শেষে গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন মো. আসাদুজ্জামান। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। পরে আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, মীর নাছির ও তার ছেলে মীর হেলালকে বিচারিক আদালতের দেওয়া সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। সাজার সঙ্গে অর্থদণ্ডও বহাল রেখেছেন আদালত। ২০০৭ সালের ৬ মার্চ অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাসির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে গুলশান থানায় দুদক মামলা করে। এ মামলায় বিশেষ জজ আদালত একই বছরের ৪ জুলাই এক রায়ে মীর নাসির উদ্দিনকে ১৩ বছর এবং মীর হেলালকে তিন বছরের কারাদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে পৃথক দুটি আপিল করেন। হাইকোর্ট ২০১০ সালের ১০ আগস্ট মীর নাসিরের এবং একই বছরের ২ আগস্ট মীর হেলালের সাজা বাতিল করে রায় দেন। হাইকোর্টের ওই রায় বাতিল চেয়ে দুদক আপিল আবেদন করে। ২০১৪ সালের ৪ জুলাই দুদকের আবেদন মঞ্জুর করে রায়ে দেন আপিল বিভাগ। রায়ে মীর মোহাম্মদ নাসির উদ্দিন ও তার ছেলে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে দুর্নীতি মামলায় খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেন। একইসঙ্গে মামলাটির আপিল আবেদন পুনরায় হাইকোর্টে শুনানির নির্দেশ দেওয়া হয়। সে অনুসারে হাইকোর্টে ওই আপিল দুটির পুনরায় শুনানি হয়। আজ ওই মামলার রায় দেন আদালত।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading