আন্তর্জাতিক বিচার আদালতের মুখোমুখি হচ্ছেন সু চি
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২১ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪৬
আন্তর্জাতিক বিচার আদালতের মুখোমুখি হতে নেদারল্যান্ডসের হেগে যাচ্ছেন মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি। রাখাইনে সংঘটিত রোহিঙ্গা নিধনযজ্ঞে তার বিরুদ্ধে গণহত্যারা অভিযোগ এনে গাম্বিয়ার করা মামলা লড়তে সেখানে যাচ্ছেন বলে গতকাল বুধবার নিশ্চিত করেছে মিয়ানমার সরকার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গত ১১ নভেম্বর মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নিপীড়নকে গণহত্যা আখ্যা দিয়ে জাতিসংঘের সর্বোচ্চ আদালতের কাছে বিচার চায় আফ্রিকার দেশ গাম্বিয়া। নিধনযজ্ঞ পেরিয়ে যাওয়ার প্রায় আড়াই বছর পর প্রথমবারের মতো কোনও দেশ এমন পদক্ষেপ নেয়। সেনাবাহিনী ও অন্য সরকারি কর্তৃপক্ষের হাতে হত্যা, ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, নির্যাতন, বাস্তুচ্যুতি ও অন্যান্য মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের জন্য যেসব অনুষঙ্গ কাজ করেছিল, সেগুলো বহাল থাকার প্রসঙ্গ তুলে ধরে নিধনযজ্ঞের দায়ে সম্প্রতি মিয়ানমারকে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) প্রেরণ বা যুগোস্লাভিয়া ও রুয়ান্ডার মতো ট্রাইব্যুনাল গঠনের আহবান জানান জাতিসংঘের তদন্তকারীরা।

