৩ বছরে মোদীর বিদেশ সফরে বিমানেই খরচ ২৫৫ কোটি রুপি!

৩ বছরে মোদীর বিদেশ সফরে বিমানেই খরচ ২৫৫ কোটি রুপি!

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৩ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪৬

৩ বছরে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরের খরচ ২৫৫ কোটি রুপিরও বেশি। ‘এনআরআই প্রধানমন্ত্রী’ বলে মাঝেমধ্যেই খোঁচা শুনতে হয় বিরোধীদের কাছে। সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গত তিন বছরের বিদেশ সফরে শুধু মাত্র চার্টার্ড বিমানের খরচই হয়েছে ২৫৫ কোটির বেশি। এর সঙ্গে রয়েছে হটলাইন ও অন্যান্য খরচের বহর। রাজ্যসভায় এই তথ্য দিয়েছে খোদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আগের প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে তুলনায় যা অনেকটাই বেশি। তবে ২০১৯-২০ সালের হিসাব এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভি মুরলিধরন। গত বৃহস্পতিবার রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে মুরলিধরন জানিয়েছেন, ২০১৬-১৭ সালে মোদীর চার্টার্ড বিমানের ভাড়া বাবদ খরচ হয়েছে ৭৬ কোটি ২৭ লক্ষ টাকা। ২০১৭-১৮ সালে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ৯৯ কোটি ৩২ লক্ষ। ২০১৮-১৯-এ গুণতে হয়েছে ৭৯ কোটি ৯১ লক্ষ টাকা। সব মিলিয়ে খরচ প্রায় ২৫৫ কোটি টাকা। অন্যদিকে হট লাইনের জন্য ২০১৬-১৭ সালে খরচ হয়েছে ২ কোটি ২৪ লক্ষ ৭৫ হাজার ৪৫১ টাকা এবং ২০১৭-১৮ সালে ৫৮ লক্ষ ৬ হাজার ৬৩০ টাকা। এ ক্ষেত্রে আবার এই দুই বছরের হিসেবই শুধু দিয়েছে বিদেশ মন্ত্রক। রাজ্যসভায় মুরলিধরন বলেন, ‘ভারত সরকারের নিয়ম অনুযায়ী, সরকারি সফরে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার বা চার্টার্ড বিমানযাত্রার খরচ প্রধানমন্ত্রীকে দিতে হয় না।’ কিন্তু যারা মোদীর বিদেশ সফর নিয়ে সবচেয়ে বেশি খোঁচা দেন, সেই কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ জমানায় তত্কালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের বিদেশ সফরের জন্য কেমন খরচ হয়েছিল? বিদেশ সফরের সংখ্যা এবং খরচ- দু’দিক থেকেই মনমোহনকে টেক্কা দিয়েছেন মোদী। ২০১৮ সালের ডিসেম্বরে সংসদে এই পরিসংখ্যান দিয়েছিল বিদেশমন্ত্রক। ওই পরিসংখ্যান অনুযায়ী, দ্বিতীয় ইউপিএ জমানায় ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত মনমোহন সিংহ ৩৮টি বিদেশ সফর করেছিলেন, যার খরচ ছিল ১৩৪৬ কোটি টাকা। আর ২০১৪ থেকে ২০১৮ সালের ডিসেম্বর মাস পর্যন্ত (পুরো পাঁচ বছর নয়) মোদীর বিদেশ সফরের সংখ্যা ৪৮। খরচ ২০২১ কোটি টাকা। শুধু তাই নয়, ওই সময় বিমানের মেরামতি-সহ অন্যান্য খরচও মনমোহনের তুলনায় মোদীর ক্ষেত্রে প্রায় দ্বিগুণ ছিল। দ্বিতীয় ইউপিএ জমানায় যেখানে খরচ হয়েছিল ৮৪২ কোটি টাকা, এনডিএ জমানায় সেই খরচ হয়েছিল ১৫৮২ কোটি টাকা। স্বাভাবিক ভাবেই মোদীর ঘন ঘন বিদেশ সফর এবং বিপুল খরচের বহর নিয়ে প্রশ্ন তুলে মাঝেমধ্যেই প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন বিরোধীরা। যদিও শাসক শিবিরের যুক্তি, ইউপিএ জমানার চেয়ে এনডিএ জমানায় আন্তর্জাতিক মহলে ভারতের কূটনৈতিক অবস্থান অনেক ভাল। আর সেটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর এই বিদেশ সফরের জন্যই। আনন্দবাজার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading