অভিশংসন শুনানিতে ডাক পড়লো ট্রাম্পের

অভিশংসন শুনানিতে ডাক পড়লো ট্রাম্পের

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৮ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫২

নিজের অভিশংসন তদন্তের শুনানিতে এবার ডাক পড়লো খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আগামী ৪ ডিসেম্বর তাকে এ সংক্রান্ত শুনানিতে হাজির হওয়ার ‘আমন্ত্রণ’ জানিয়েছে মার্কিন কংগ্রেস। এ তদন্ত নিয়ে দফায় দফায় ট্রাম্পের বাক্যবাণের মধ্যেই এর শুনানিতে ডাক পড়লো তার। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। এর আগে চলমান অভিশংসন তদন্তে সাক্ষীদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সাবেক ব্যক্তিগত আইনজীবী রুডি গিউলিয়ানি-সহ আরও দুইজনের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন তিনি। অভিযুক্ত অন্য দুইজন হচ্ছেন ইউক্রেনে নিযুক্ত মার্কিন দূতাবাসের কর্মকর্তা ডেভিড হোমস ও ইউরোপীয়ান ইউনিয়নে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত গর্ডন সোদল্যান্ড। ফক্স টেলিভিশনের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তদন্ত কমিটির কাছে মিথ্যাচারের দায়ে তাদের সবার বিচার দাবি করেন ট্রাম্প। তবে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের জুডিশিয়ারি কমিটির ডেমোক্র্যাট দলীয় চেয়ারম্যান জেরল্ড ন্যাডলার জানিয়েছেন, ট্রাম্পকে হয় শুনানিতে হাজির হতে হবে; অন্যথায় এ প্রক্রিয়ার ব্যাপারে অভিযোগ করা থেকে তাকে বিরত থাকতে হবে। বিবিসি জানিয়েছে, শুনানিতে হাজির হলে সাক্ষীদের প্রশ্ন করার সুযোগ পাবেন তিনি। এক বিবৃতিতে প্রতিনিধি পরিষদের জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান জেরল্ড ন্যাডলার জানিয়েছেন, আগামী মাসের শুনানিতে অংশ নিতে আমন্ত্রণ জানিয়ে তিনি ইতোমধ্যেই ট্রাম্পের কাছে চিঠি লিখেছেন। জেরল্ড ন্যাডলার বলেন, প্রেসিডেন্ট যে কোনও একটি পছন্দ বেছে নিতে পারেন। তিনি অভিশংসন শুনানিতে প্রতিনিধিত্ব করার এই সুযোগটি নিতে পারেন। অন্যথায় তিনি এই প্রক্রিয়া সম্পর্কে অভিযোগ তোলা বন্ধ করতে পারেন। আমার প্রত্যাশা, তিনি তদন্তে অংশ নেওয়াকেই বেছে নেবেন; সেটা নিজের সরাসরি উপস্থিতি কিংবা প্রতিনিধির মাধ্যমেই হোক! তার আগে অন্য প্রেসিডেন্টরাও একই কাজ করেছেন। চিঠিতে জেরল্ড ন্যাডলার উল্লেখ করেছেন, ঐতিহাসিক ও সাংবিধানিক ভিত্তির আলোকে নিজের অভিশংসন নিয়ে আলোচনার জন্য শুনানিতে উপস্থিত হওয়া ট্রাম্পের জন্য একটি সুবর্ণ সুযোগ। আগামী ১ ডিসেম্বরের মধ্যে শুনানিতে অংশগ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত জানতে ট্রাম্পকে সময় বেঁধে দিয়েছেন জেরল্ড ন্যাডলার। এর আলোকেই পরবর্তী সিদ্ধান্ত নেবে প্রতিনিধি পরিষদের জুডিশিয়ারি কমিটি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading