ওয়ার্নারের প্রথম ট্রিপল সেঞ্চুরি কোণঠাসা পাকিস্তান

ওয়ার্নারের প্রথম ট্রিপল সেঞ্চুরি কোণঠাসা পাকিস্তান

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০১ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫০

সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরি…থামানোই যাচ্ছে না ডেভিড ওয়ার্নারকে। পাকিস্তান বোলারদের বেদম পিটিয়ে একের পর এক কীর্তি গড়েই যাচ্ছেন এই অস্ট্রেলিয়ান ওপেনার। সর্বশেষ নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি তুলে নিলেন তিনি। গতকাল শনিবার (৩০ নভেম্বর) অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে খেলতে নামে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। তবে দিবা-রাত্রির এই টেস্টের আলো পুরো নিজের দিকে নিয়ে যান ওয়ার্নার। পাকিস্তানের বোলারদের শাসন করে টেস্ট ক্যারিয়ারে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস খেললেন তিনি। আগের ২৫৩ রানের ইনিংস পেছনে ফেলে পেলেন প্রথম ট্রিপল সেঞ্চুরির স্বাদ। প্রথম দিনের ১৬৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ওয়ার্নার প্রথম সেশনেই পেয়ে যায় ডাবল সেঞ্চুরি। থামেননি বাঁহাতি ব্যাটসম্যান, আগের টেস্টেই স্বরূপে ফেরা ওয়ার্নার সপ্তম অস্ট্রেলিয়ান হিসেবে তুলে নিয়েছেন ট্রিপল সেঞ্চুরি। ২০১৬ সালের পর আবারও ক্রিকেট বিশ্ব ট্রিপল সেঞ্চুরি দেখলো ওয়ার্নারের সৌজন্যে। শেষবার টেস্টে ত্রিশতক দেখা গিয়েছিল ইন্ডিয়ার করুণ নায়ারের ব্যাটে। তিন বছর পর আসা এই ‘ট্রিপল’ দিবা-রাত্রির টেস্টে মাত্র দ্বিতীয়বার দেখা গেল। প্রথম ব্যাটসম্যান হিসেবে ২০১৬ সালেই গোলাপি বলের টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ পাকিস্তান অধিনায়ক আজহার আলী। ৩০০ ছাড়ানোর পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠা ওয়ার্নারে হুমকির মুখে পড়ে গিয়েছিল ব্রায়ান লারার রেকর্ড। টেস্টের সর্বোচ্চ ৪০০ রানের ইনিংসের মালিক এই ক্যারিবিয়ান কিংবদন্তি। যদিও সেটা হয়নি টিম পেইন ইনিংস ঘোষণা করায়। তবে তার আগে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকে ছাড়িয়ে গেছেন ওয়ার্নার। তিনি ব্র্যাডম্যানের ক্যারিয়ার সর্বোচ্চ ৩৩৪ রান টপকে যাওয়ার পরই ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। হার না মানা ৩৩৫ রানের অসাধারণ ইনিংস খেলা ওয়ার্নার এখন টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক। ৩৮০ রান করা ম্যাথু হেইডেনের রেকর্ডটা অক্ষুন্নই থাকলো। ২০১২ সালে মাইকেল ক্লার্কের (৩২৯*) পর আবারও কোনও অস্ট্রেলিয়ান পেলেন ট্রিপল সেঞ্চুরি। ৪১৪ বলের ঝলমলে ইনিংসটি ওয়ার্নার সাজিয়েছেন ৩৯ বাউন্ডারি ও ১ ছক্কায়। ওয়ার্নারের হার না মানা ট্রিপল সেঞ্চুরি ও মার্নাস ল্যাবুশ্যাগনের ১৬২ রানের ইনিংসে অস্ট্রেলিয়া ৩ উইকেটে ৫৮৯ রানে ঘোষণা করেছে তাদের প্রথম ইনিংস। সূত্র: ক্রিকইনফো

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading