স্পেন গেছেন প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০২ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪২
স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠেয় ‘রাষ্ট্র ও সরকার প্রধানদের ২৫তম বার্ষিক শীর্ষ সম্মেলন’ (কপ-২৫) এ যোগ দিতে দেশটিতে সফরে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রবিবার (১ ডিসেম্বর) সকালে স্পেনের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ১০টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে ভিভিআইপি একটি ফ্লাইট ছেড়ে যায়। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৫তম বার্ষিক সম্মেলন (ইউএনএফসিসিসি) ২-১৩ ডিসেম্বর পর্যন্ত চিলির সভাপতিত্বে এবং স্পেনের সার্বিক সহযোগিতায় মাদ্রিদে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি স্পেনের স্থানীয় সময় বিকাল ৫টা ৪০ মিনিটে মাদ্রিদ টোরেজন বিমানবন্দরে অবতরণ করে। বিশ্ব পর্যটন সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে একটি সুসজ্জিত মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে মাদ্রিদের হোটেল ভিলা ম্যাগনায় নিয়ে যাওয়া হয়। স্পেন সফরকালে প্রধানমন্ত্রী এ হোটেলে অবস্থান করবেন।

