ধোনি প্রসঙ্গে সৌরভের মন্তব্য
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০২ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৬
মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে মূলত ২০১৫ বিশ্বকাপের পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে। আর ২০১৯ বিশ্বকাপের পর তো এই জল্পনা আরও বেড়ে যায়। ঘুরে-ফিরে সবার কাছেই চলে আসছে এই একই প্রশ্ন। ধোনির থেকে জবাব না পেয়ে এই প্রশ্ন কখনও যাচ্ছে নির্বাচকদের কাছে, আবার কখনও অধিনায়ক বিরাট কোহলি বা বর্তমান ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর কাছে। সৌরভ ধোনির অবসর নিয়ে নতুন করে জানিয়ে দিলেন, ধোনির ভবিষ্যত্ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনও অনেক সময় পড়ে রয়েছে। তিনি এও পরিষ্কার করে দিয়েছেন, টিম ম্যানেজমেন্টের কাছেও বিষয়টি পরিষ্কার। এর আগেও বিসিসিআই সভাপতির দায়িত্ব নেওয়ার পর সৌরভ জানিয়েছিলেন, ধোনিকে যোগ্য সম্মান দেওয়া হবে। গাঙ্গুলী বলেন, ‘এই ব্যাপারে স্বচ্ছতা রয়েছে আমাদের মধ্যে। কিন্তু কিছু ব্যাপারে প্রকাশ্যে কথা বলা যায় না। ধোনিকে নিয়ে আমাদের ভাবনা যথাসময়েই জানতে পারবেন আপনারা।’ তিনি আরও বলেন, ‘বোর্ড, ধোনি ও নির্বাচকদের কাছে পুরো বিষয়টি একদম পরিষ্কার। ধোনির মতো একজন চ্যাম্পিয়নকে নিয়ে যখন কথায় হয়, তখন পুরো বিষয়টি বন্ধ দরজার ভিতরে হওয়া উচিত্। আর সেটাও খুব স্বচ্ছ এবং সকলেই জানে বিষয়টি কোথায় দাঁড়িয়ে রয়েছে।’ এর আগে ধোনি কাছে তার ভবিষ্যত সম্পর্কে জানতে চাইলে তিনি সোজা বলেন দেন, ‘জানুয়ারি পর্যন্ত কোনো প্রশ্ন নয়।’

