গুগল ফটোসে যাবে ফেসবুকের ছবি
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৪ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৪২
গুগল ফটোসে সরাসরি ছবি ট্রান্সফারের জন্য ফেইসবুক পরীক্ষামূলকভাবে নতুন একটি টুল চালু করছে। ফেসবুক একে বলছে ডেটা পোর্টেবিলিটি টুল। টুলটি ব্যবহার করলে ফেইসবুকের ছবি সরাসরি গুগল ফটোসে আপলোড হবে। আলাদাভাবে ছবি ডাউনলোড করে আর গুগল ফটোসে রাখার প্রয়োজন পড়বে না। ডেটা পোর্টেবিলিটি টুল নিয়ে সোমবার (২ ডিসেম্বর) থেকে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে আয়ারল্যান্ডে। ব্যবহারকারীদের প্রতিক্রিয়া অনুযায়ী টুলটিতে কিছু বদল আনা হবে। টুলটি পুরোদমে চালু হবে ২০২০ সালের প্রথম ভাগে। ব্যবহারকারীদের সব তথ্য মুষ্টিগত না করার বিষয়ে আমেরিকা ও ইউরোপের নীতি নির্ধারকরা ফেসবুকের ওপর চাপ প্রয়োগ করেছিলেন। এই চাপের কারণেই ওপেন-সোর্স ডেটা ট্রান্সফার প্রোজেক্টে অংশ নিয়ে ছবি ট্রান্সফারের টুল চালুর সিদ্ধান্ত নেয় ফেসবুক। এই প্রোজেক্টের অন্যান্য অংশগ্রহণকারীর তালিকায় আছে অ্যাপল, গুগল, মাইক্রোসফট ও টুইটার। ফেসবুক জানিয়েছে আপাতত, গুগল ফটোসের মধ্য দিয়ে ডেটা ট্রান্সফার প্রোজেক্টের সূচনা করলেও ভবিষ্যতে অন্যান্য প্ল্যাটফর্মেও এই টুল ব্যবহার করা যাবে। অন্যান্য প্ল্যাটফর্মে কোন ধরণের ডেটা ট্রান্সফার করা যাবে তা নিয়ে তারা ব্রিটেন, জার্মানি, ব্রাজিল ও সিঙ্গাপুরের নীতি নির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা ও শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা করেছে ফেইসবুক। সূত্র: দ্য ভার্জ ও গ্যাজেট ৩৬০ ডিগ্রি

