ওপেনএআইয়ে বিনিয়োগে ধীরগতি

ওপেনএআইয়ে বিনিয়োগে ধীরগতি

উত্তরদক্ষিণ। রবিবার, ০৮ মার্চ, ২০২৬, আপডেট ০৯:৪০

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ওপেনএআই গত কয়েক বছরে বিনিয়োগকারীদের সবচেয়ে বড় আকর্ষণ ছিল। এখন পর্যন্ত কোম্পানিটি প্রায় ১৬৮ বিলিয়ন ডলার (প্রায় ১৬ হাজার ৮০০ কোটি ডলার) তহবিল সংগ্রহ করেছে। তবে এখন বড় প্রযুক্তি বিনিয়োগকারীরা কিছুটা সতর্ক হয়ে পড়েছেন।

এনভিডিয়া–এর প্রধান নির্বাহী জেনসেন হুয়াং বলেছেন, তাদের কোম্পানি ওপেনএআইতে আরও ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে পারে। তবে এটি হয়তো শেষ বড় বিনিয়োগ হতে পারে, অন্তত কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত (পাবলিক কোম্পানি) না হওয়া পর্যন্ত। আগে যে ১০০ বিলিয়ন ডলার অবকাঠামো বিনিয়োগের কথা বলা হয়েছিল, সেটিও এখন আর হচ্ছে না।

বিশেষজ্ঞরা বলছেন, এই বিনিয়োগ খুব বড় ঝুঁকি। কারণ ওপেনএআই এখনো লাভজনক ব্যবসার পরিষ্কার পথ দেখাতে পারেনি। অথচ কোম্পানিটির ওপর প্রায় ১০০ বিলিয়ন ডলারের ঋণ আছে।

এদিকে এআই প্রযুক্তি চালাতে বিপুল কম্পিউটার শক্তি দরকার। বিশ্লেষকদের ধারণা, ২০৩০ সালের মধ্যে এই খাতে ওপেনএআইয়ের খরচ ৬০০ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। শুধু ডেটা সেন্টারের জায়গা ভাড়া নিতেই লাগতে পারে প্রায় ৬২০ বিলিয়ন ডলার।

ওপেনএআইয়ের প্রযুক্তি ব্যবহার করে মাইক্রোসফট তাদের আজুর ক্লাউড সেবা দেয়। কিন্তু সম্প্রতি আজুরের প্রবৃদ্ধি কিছুটা কমেছে। এতে মাইক্রোসফটের শেয়ারও কমেছে।

আর্থিক বিশ্লেষকরা বলছেন, ওপেনএআইকে ২০৩০ সালের মধ্যে বছরে প্রায় ২০০ বিলিয়ন ডলার আয় করতে হবে। না হলে বর্তমান মূল্যায়ন ধরে রাখা কঠিন হবে। এখন কোম্পানিটির প্রায় ৯০ কোটি ব্যবহারকারী আছে। তবে বেশিরভাগই বিনা মূল্যে সেবা ব্যবহার করেন।

তবু বিনিয়োগকারীরা পুরোপুরি পিছিয়ে যাচ্ছেন না। অনেকের ধারণা, এআই প্রযুক্তি ভবিষ্যতে বিশাল বাজার তৈরি করবে। কেউই এই নতুন প্রযুক্তির দৌড় থেকে পিছিয়ে থাকতে চান না।

তবে কিছু বিশেষজ্ঞ মনে করছেন, এআই নিয়ে অতিরিক্ত উত্তেজনা তৈরি হয়েছে। অনেকটা ২০০০ সালের ডট-কম বুদবুদের মতো। সময়ই বলে দেবে এই বিনিয়োগ কতটা সফল হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading