অমুসলিম নাগরিকত্বের বিল ইন্ডিয়ার মন্ত্রিসভায় অনুমোদন

অমুসলিম নাগরিকত্বের বিল ইন্ডিয়ার মন্ত্রিসভায় অনুমোদন

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৫ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩২

ইন্ডিয়ায় মুসলিম ছাড়া সব ধর্মের শরণার্থীদের নাগরিকত্ব দিতে একটি খসড়া বিলে গতকাল বুধবার অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে গিয়ে ভারতে অবৈধভাবে বসবাসরত অমুসলিমদের নাগরিকত্ব দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে দেশটির পার্লামেন্টে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল (ক্যাব) নামের এ বিলটি গৃহীত হবে বলে প্রতীয়মান হচ্ছে। এ বিল আগেও একবার পার্লামেন্টে পেশ করা হয়েছিল। কিন্তু আসামসহ উত্তর-পূর্বাঞ্চলজুড়ে ব্যাপক বিক্ষোভের মুখে তখন সেটি পাস করানো যায়নি। ওই পার্লামেন্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর নরেন্দ্র মোদি সরকারের দ্বিতীয় মেয়াদে ফের পার্লামেন্টে উঠতে যাচ্ছে বিলটি। তবে আগের বারের প্রতিবাদের কথা মাথায় রেখে এবার আগেভাগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তর-পূর্বাঞ্চলীয় অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছেন। গতকাল বুধবার বিলটি পাসের আগের দিন মঙ্গলবার এ নিয়ে কথা বলেন ভারতের অর্থমন্ত্রী রাজনাথ সিং। ক্ষমতাসীন দল বিজেপি-র এমপিদের উদ্দেশে তিনি বলেন, এই বিল কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের মতোই গুরুত্বপূর্ণ। ফলে এটি অগ্রাধিকার পাবে। এর লক্ষ্য হচ্ছে, হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ ও পার্সি এই ছয়টি ধর্মের মানুষকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া। বিজেপি সভাপতি ও ইন্ডিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন পার্লামেন্টে এ বিল উপস্থাপন করবেন তখন বিজেপি-র সব এমপিকে উপস্থিত থাকতে দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। বিলে নাগরিকত্ব থেকে শুধু মুসলমানদের বাদ দেওয়ার সমালোচনা করছে বিরোধীরা। তারা বলছে, এটি ভারতের ধর্মনিরপেক্ষ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে অর্থমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ধর্মীয় নিপীড়ন থেকে বাঁচতে ভারতে আশ্রয় নেওয়া অমুসলিমদের নাগরিকত্ব দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম দফায় যখন এ বিলের উদ্যোগ নেওয়া হয়, তখন এর বিরুদ্ধে আসাম ও উত্তর-পূর্বাঞ্চলজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। প্রতিবাদে নেমেছিল অসমিয়া জাতীয়তাবাদী সংগঠনগুলো। উত্তর-পূর্বের বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও প্রতিবাদে শামিল হয়েছিলেন। এবারও বিল পেশের খবর বেরোতেই আসামের নানা জায়গায় বিক্ষোভ হচ্ছে। যেসব সংগঠন ইতোমধ্যে রাজপথে নেমেছে, তার মধ্যে অন্যতম কৃষক মুক্তি সংগ্রাম সমিতি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading