নাগরিকত্ব আইন নিয়ে পিছু হটবো না – অমিত শাহ
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৯ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫৮
ব্যাপক বিক্ষোভ সত্ত্বেও সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে পিছু হটতে অস্বীকৃতি জানিয়েছেন বিজেপি সভাপতি ও দেশটির কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রতিবেশী দেশগুলোতে নিপীড়িত শরণার্থীদের রক্ষায় কেন্দ্র সরকার সবকিছু করবে বলে মন্তব্য করেছেন তিনি। গত মঙ্গলবার দিল্লির দারকায় এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেছেন তিনি। তার বক্তব্য অনুযায়ী, বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে ভারতে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব নিশ্চিতে সম্প্রতি আইন সংশোধন করেছে ইন্ডিয়া। যদিও সারা বিশ্ব এটিকে মুসলিমবিরোধী আইন হিসেবে চিহ্নিত করেছে। গত ১২ ডিসেম্বর রাতে দেশটির প্রেসিডেন্টের স্বাক্ষরের পরেই আইনে পরিণত হয়েছে বিতর্কিত বিলটি। এই বিতর্কিত আইন প্রত্যাহারের দাবিতে ইন্ডিয়াজুড়ে সরব তৃণমূল, কংগ্রেস-সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক এবং ধর্মীয় সংগঠনগুলো। বিরোধীরা এই আইনকে ‘মুসলিমবিরোধী’ বলে আখ্যা দিয়েছে। চলছে দফায় দফায় আন্দোলন। এরই মধ্যে ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গসহ একাধিক রাজ্য অচল হয়ে পড়েছে নতুন ও বিতর্কিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে। সেই ক্ষোভের আগুনে এখন জ্বলছে খোদ ইন্ডিয়ার রাজধানী নয়াদিল্লিও। তথাপিও ভারতের ক্ষমতাসীন দল- বিজেপি’র সভাপতি অমিত শাহ মঙ্গলবার বলেন, ‘যা কিছুই ঘটুক মোদি সরকার এসব শরণার্থীদের ভারতের নাগরিকত্ব ও ভারতীয়দের মতো সম্মান নিশ্চিত করবে’।

