এ বছরের আলোচিত ছবি
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৩ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৬
হিসাবের পাতা থেকে চলে যাচ্ছে আরও একটি বছর। ইতমধ্যেই শুরু হয়ে গেছে হিসেব-নিকেস। ২০১৯ সালে কি পেলাম আর কি পেলাম না। সিনেমাপাড়ায় নির্বাচন, পিকনিক ছাড়া তেমন কোন আয়োজন চোখে পড়েনি এ বছর। মুক্তি পায় হাতে গোনা মাত্র ৪০টি চলচ্চিত্র। এরমধ্যেও আলোচনায় ছিল কিছু ছবি। সেগুলো নিয়েই আজকের আয়োজন। লিখেছেন তানজিলা সুমি।

আমার প্রেম আমার প্রিয়া: চলতি বছরের প্রথম মাসটা ব্যর্থ হলোও ২য় মাসে এসে কিছুটা সফলতার মুখ দেখে ঢাকাই ইন্ড্রাস্টি। ভালোবাসা দিবস উপলক্ষে ৮ ফেব্রুয়ারি মুক্তি পায় ‘আমার প্রেম আমার প্রিয়া’। এতে প্রথমবার রূপালি পর্দায় দেখা যায় আরজু-পরিমনির রসায়ন। ওয়ান স্টার মুভিজ ইন্টারন্যাশনাল প্রযোজিত ছবিটি নির্মাণ করেছেন শামীমুল ইসলাম শামীম। ভালোবাসা আর হাস্যরসের গল্পে তৈরি সিনেমাটিতে মানিক চরিত্রে অভিনয় করেছেন কায়েস আরজু। বাউন্ডুলে প্রকৃতির এই তরুণের প্রেমে পড়ে চেয়ারম্যানের মেয়ে পরিমনি। পরিচয় থেকে সম্পর্ক প্রণয়ে রূপ নিলেও; দুজনের জেদ আর অহংকারে ভাটা পড়ে বন্ধনে। মুক্তি আগে অনেকেই ভেবেছিল যে আশানুপাতিক ব্যবসা করতে পারবে না ছবিটি। যার কারণে ছবিটির প্রচারণায় দেখা যায়নি পরীমনিকে। কিন্তু সকলের ভাবনা বদলে দিয়ে দর্শকদের মন কিছুটা হলেও জয় করে নেন ‘আমার প্রেম আমার প্রিয়া’। দর্শকরা গ্রহণ করে আরজু-পরীমনি জুটির অভিনয়। এই ছবিতে অভিনয়ের জন্য ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার-২০১৯’এ শ্রেষ্ঠ জনপ্রিয় অভিনেত্রীর পুরষ্কার পান পরীমনি।

ফাগুন হাওয়ায়: ১৫ ফেব্রুয়ারি মুক্তি পায় তৌকির আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। মুক্তি পর দর্শকসহ চলচ্চিত্রবোদ্ধাদের কাছ থেকে প্রশংসা কুড়ায় ছবিটি। ইমপ্রেস টেলিফিল্মস প্রযোজিত ছবিটি পরিবেশনার দায়িত্বে ছিলেন দি অভি কথাচিত্র। টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় এ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও সিয়াম আহমেদ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, ইন্ডিয়ার যশপাল শর্মা, আবুল হায়াত্, আফরোজা বানু, ফারুক হোসেন, ফজলুর রহমান বাবু, সাজু খাদেম, রওনক হোসেন, আজাদ সেতু, আবদুর রহিম, হাসান আহমেদ প্রমুখ।

যদি একদিন: বিশ্ব নারী দিবস উপলক্ষে গত ৮ মার্চ মুক্তি পায় বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত প্রথম ছবি ‘যদি একদিন’। এই ছবির মধ্য দিয়ে গায়ক থেকে নায়ক বনে যান জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান রহমান খান। এছাড়াও ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন কলকাতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তাসকিন রহমান, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশারসহ অনেকে। শিশুশিল্পী হিসেবে নজর কেড়েছেন আফরিন শিখা রাইসা। ছবিটি যারা দেখছেন তারাই প্রশংসা করছেন। বিশেষ করে জনপ্রিয় হয়ে উঠেছিল ছবিটির একটি গান ‘লক্ষ্মীসোনা’। মুক্তির আগে ছবির অভিনয়শিল্পীরা প্রচারণা চালালেও মুক্তির পর দর্শকরাই এর প্রচারণা চালায়। বাংলাদেশ ছাড়াও ছবিটি মুক্তি পায় বিশ্বের বিভিন্ন দেশে। ছবিটি পরিচালনা করেছেন মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ।

আলফা: জনপ্রিয় নাট্যজন ও মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ। ২০১১ সালে মুক্তি পেয়েছিল তার নির্মিত সর্বশেষ ছবি ‘গেরিলা’। দীর্ঘ ৮ বছর পর চলতি বছরে আবারও নতুন ছবি নিয়ে ফিরেছেন তিনি। যার নাম ‘আলফা’। গত ২৬ এপ্রিল বড়পর্দায় মুক্তি পায় ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটি। মুক্তির পর ব্যবসায় সফল না হলেও চলচ্চিত্রবোদ্ধাদের প্রশংসা কুড়ায় ছবিটি। এমনকি বাংলাদেশ থেকে অস্কারের জন্য মনোনীতও হয় ছবিটি। যদিও অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগ থেকে শেষে বাদ পরে যায় ছবিটি। তৃতীয় বিশ্বের একজন শহুরে নাগরিককে কেন্দ্র করেই গড়ে উঠেছে ‘আলফা’ চলচ্চিত্রের কাহিনি। এখানে ফুটে উঠবে যান্ত্রিক শহরের বাস্তবতার সঙ্গে মানিয়ে নেয়া ও অন্তর্দ্বন্দ্ব নিয়ে বেঁচে থাকা এক চিত্রশিল্পীর জীবন। ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন নবীন অভিনয়শিল্পী আলমগীর কবির ও দোয়েল ম্যাশ। এ ছাড়াও অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, হীরা চৌধুরী, ইশরাত নিশাত, মোস্তাফিজ নূর ইমরান ও ভাস্কর রাসা।

পাসওয়ার্ড: বছরের সবচেয়ে ব্যবসাসফল ছবি মালেক আফসারীর ‘পাসওয়ার্ড’। যদিও ছবিটির বিরুদ্ধে নকলের অভিযোগ উঠেছিল। তারপরও ঈদে একচেটিয়া ভাবে ব্যবসা করে গেছে শাকিব খান প্রযোজিত ছবিটি। শাকিবের সঙ্গে এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচে চিত্রনায়ক ইমনকে।

আবার বসন্ত: এবার রোজার ঈদে মুক্তি পায় অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন গুণী অভিনেতা তারিক আনাম খান ও ছোটপর্দার আলোচিত অভিনেত্রী স্পর্শিয়া। পারিবারিক গল্পে নির্মিত এই ছবিতে দুই প্রজন্মের দুই অভিনয় শিল্পীর ঝাল-টক রসায়ন ফুটে উঠে রুপালি পর্দায়। ছবিটি বেশি হলে মুক্তি না পেলে দর্শকদের মন জয় করে নেয়। সেই সঙ্গে প্রশংসিত হয় নির্মাতা অনন্য মামুনও। তারিক আনাম-স্পর্শিয়া ছাড়াও ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমতু রাতিশ, করভী মিজান, মনিরা মিঠু, মুকিত জাকারিয়া, আনন্দ খালেদ, নুসরাত পাপিয়া প্রমুখ। ট্যাম মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটির ডিজিটাল পার্টনার লাইভ টেকনোলজিস লিমিটেড।

নোলক: এবারের রোজার ঈদে শাকিবের আরও একটি ছবি মুক্তি পায়। নাম ‘নোলক’। মুক্তির আগে থেকেই নানা কারণে আলোচনা-সমালোচনায় ছিল ছবিটি। সবচেয়ে বড় বিতর্ক ছবিটির আসল নির্মাতা নিয়ে। আর এ নিয়েই দ্বন্দ্ধে জড়িয়েছে নির্মাতা ও প্রযোজক। আর এর জন্যই আদালতের দ্বারস্থ হন নির্মাতা রাশেদ রাহা। এরপরই সংশয় দেখা দেয় ছবিটির মুক্তি নিয়ে। তবে মামলার তারিখ পিছিয়ে যাওয়ায় নির্দিষ্ট সময়ই মুক্তি পায় ‘নোলক’। তবে ছবিটির প্রচারণায় দেখা যায়নি নায়ক শাকিব খানকে। তারপরও মোটামুটি ব্যবসা করেছে ছবিটি। ফেরারী ফরহাদের গল্প ও চিত্রনাট্যে ছবিতে শাকিব খান ছাড়াও আরও অভিনয় করেছেন ববি, তারিক আনাম খান, নিমা রহমানসহ অনেকে।

আব্বাস: দীর্ঘ ৪ বছর পর গত ৫ জুলাই নির্মাতা সাইফ চন্দন মুক্তি দেন তার নতুন ছবি ‘আব্বাস’। পুরান ঢাকায় ‘আব্বাস’ নামে এক ছেলের বেড়ে ওঠা গল্পকে উপজীব্য করে গড়ে উঠেছে ছবির কাহিনী। ছেলেটির জীবনে প্রেম নিয়ে আসে এমন একটি মেয়ে, যাকে অক্সিজেনের মতো অপরিহার্য মনে করেন আব্বাস। আর এই ‘আব্বাস’ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব। যাতে ভিন্ন লুকে ধরা দিয়েছেন নিরব। গল্প, দৃশ্যসহ নিরবের অভিনয়ও দর্শকদের মন জয় করেছে। ঢাকা ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রযোজিত ছবিতে আরও অভিনয় করেছেন সোহানা সাবা, ডন, আলেকজান্ডার বো, শিমুল খান, জয় রাজসহ অনেকে।

মনের মতো মানুষ পাইলাম না: রোজার ঈদের ন্যায় কোরবানির ঈদেও মুক্তি পায় শাকিব-বুবলী অভিনীত ছবি ‘মনের মতো মানুষ পাইলাম না’। ১২ আগস্ট সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় জাকির হোসেন রাজু পরিচালিত ছবিটি। আশানুপাতিক ব্যবসা না করলেও দর্শকদের মনে জায়গা করে নিয়েছে ছবিটি। দেশ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইসমাইল চৌধুরী সম্রাট। ছবিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম, কাজী হায়াত, মিশা সওদাগর, সাবেরী আলম, ডন প্রমুখ।

মায়াবতী: বছরের শেষ দিকে এসে চাঙ্গা হয়ে উঠে মিডিয়া পাড়া। মুক্তি পায় বেশ কয়েকটি ছবি। এরমধ্যে ১৩ সেপ্টেম্বর মুক্তি পায় অরুণ চৌধুরী পরিচালিত ২য় সিনেমা ‘মায়াবতী’। এই ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেন নুসরাত ইমরোজ তিশা ও ইয়াশ রোহান। মুক্তির পর দর্শকসহ সমালোচকদের প্রশংসা কুড়ায় ছবিটি। বিশেষ করে তিশার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। আনোয়ার আজাদ ফিল্মস ও অনন্য সৃষ্টি ভিশন প্রযোজিত ছবির গল্পে দেখা যায়, ছোটবেলায় মায়ের কাছ থেকে চুরি হয়ে যায় মায়া। তারপর তাকে বিক্রি করা হয় দৌলতদিয়ার রেড লাইট এরিয়ায়। সেখানে মায়াকে ধীরে ধীরে গড়ে তোলেন সংগীতগুরু খোদা বক্স। ওদিকে মায়ার গানের প্রেমে পড়েন একজন ব্যারিস্টার। একসময় ভয়ংকর খুনের ঘটনায় জড়িয়ে পড়ে মেয়েটি। শুরু হয় নতুন গল্প। নতুন সংগ্রাম। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, আফরোজা বানু, অরুণা বিশ্বাস, তানভীর হোসেন প্রবাল, আগুন প্রমুখ।

সাপলুডু: বেঙ্গল মিডিয়া প্রযোজিত প্রথম সিনেমা ‘সাপলুডু’ মুক্তি পায় গত ২৭ সেপ্টেম্বর। গোলাম সোহরাব দোদুল পরিচালিত ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মীম। মুক্তির আগেই থেকেই ছবিটি দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। পর প্রমাণ পাওয়া যায় মুক্তির পরও। ব্যবসায় সফল হওয়ায় পর দেশের গণ্ডি পেরিয়ে ছবিটি মুক্তি পায় বিদেশের মাটিতে। ‘ময়না ধুম ধুম’, ‘শুভ জন্মদিন’, ‘কিছু স্বপ্ন’ ও ‘ইয়া খুদা’ শিরোনামের ৪টি গান ছিল ‘সাপলুডু’তে। যাতে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, তানভীর আলম সজীব, কণা, হূদয় খান, পড়শি ও ইমরান। ছবিতে আরও করেছেন সালাহউদ্দিন লাভলু, তারিক আনাম খান, জাহিদ হাসান, শতাব্দী ওয়াদুদ, রুনা খানসহ অনেকে।

ন ডরাই: একজন নারী সার্ফারের জীবন থেকে উত্সাহিত হয়ে স্টার সিনেপ্লেক্স নির্মাণ করেছে তাদের প্রথম ছবি ‘ন ডরাই’। গত ২৯ নভেম্বর মাত্র ৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। মুক্তির পর থেকেই ছবিটির পিছনে লাগে শনিরদশা। সব বাধা-বিপত্তি পেরিয়ে নারী জাগরণের বার্তা নিয়ে বর্তমানে ১৮টি প্রেক্ষাগৃহে চলছে ছবিটি। ছবিটি যেন সবাইকে বলে বেরিয়েছে যতই ষড়যন্ত্র করো ‘আই ন ডরাই’। তানিম রহমান অংশুর পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শরিফুল রাজ ও মডেল সুনেরা বিনতে কামাল। সত্য ঘটনা অবলম্বন করে ‘ন ডরাই’-এর চিত্রনাট্য লিখেছেন দেবের বুনোহাঁস, ও বলিউড ছবি ‘পিংক’-এর চিত্রনাট্যকার কলকাতার শ্যামল সেনগুপ্ত। এদিকে মুক্তির অপেক্ষায় আছে জাতীয় চলচ্চিত্র নির্মতা মাসুদ পথিকের নতুন ছবি ‘মায়া দ্য লস্ট মাদার’। ধারণা করা হচ্ছে ছবিটিও চলতি বছরের আলোচিত ছবির মধ্যে থাকবে।

