ভিপি নুরের ওপর হামলার নিন্দা ড. কামালের

ভিপি নুরের ওপর হামলার নিন্দা ড. কামালের

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৪ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪৮

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ তার অনুসারীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। এ ঘটনার তদন্তের দাবিও জানিয়েছেন তিনি। ড. কামাল বলেন, সাম্প্রতিক সময়ে দেশে যেসব ঘটনা ঘটছে, তাতে আমরা চরম উদ্বেগে ভুগছি। মুক্তিযুদ্ধ মঞ্চ নামধারীরা গত (রোববার) যে জঘন্য হামলা (ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ভিপিসহ তার অনুসারীদের ওপর হামলা) চালিয়েছে, তা লাখো শহিদের প্রতি চরম অবমাননা ও লজ্জার বিষয়। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। আমরা এই ঘটনার তদন্তের দাবি জানাই।

গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে মতিঝিলে ড. কামালের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এক বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ক্ষমতাসীন দলকে অভিযুক্ত করে ড. কামাল হোসেন বলেন, আবরারকে হত্যা করা হয়েছে, ডাকসু ভিপি নুরের ওপর ছয় ছয় বার হামলা করেছে। কারণ, ‘এই সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করতে চায়’। দেশে গণতন্ত্র মৃত্যুর পথে মন্তব্য করে সাবেক এই আওয়ামী লীগ নেতা বলেন, পেশী শক্তি ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে সরকার নজিরবিহীন সব ঘটনা ঘটিয়ে যাচ্ছে। এক প্রশ্নের জবাবে গণফোরাম সভাপতি বলেন, ডাকসুতে যেভাবে হামলা চালানো হয়েছে, তার সুষ্ঠু তদন্ত করা উচিত। আমরা সাধারণ শিক্ষার্থীদের সমর্থন জানাই। ব্রিফিংয়ে ড. কামাল হোসেনের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরাম নেতা অধ্যাপক আবু সাইয়িদ ও অ্যাডভোকেট মোহসীন রশিদ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading