দলের প্রতি কৃতজ্ঞ আতিক, মেয়র খোকনের সমর্থন চান তাপস

দলের প্রতি কৃতজ্ঞ আতিক, মেয়র খোকনের সমর্থন চান তাপস

উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ ডিসেম্বর ২০১৯ । আপডেট ১০:৫০

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দক্ষিণের মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর শেখ ফজলে নূর তাপস নিজের বিজয়ের জন্য দলের নেতাকর্মীদের ঐক্য আর বর্তমান মেয়র মো. সাঈদ খোকনের সমর্থন চেয়েছেন। অপরদিকে, ঢাকা উত্তরের মেয়র পদে পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া আতিকুল ইসলাম দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মনোনয়ন বোর্ডের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একইসঙ্গে তিনি সিটির ভোটারদের সহযোগিতাও চেয়েছেন।

রোববার (২৯ ডিসেম্বর) ধানমণ্ডিতে দলের সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মেয়র ও কাউন্সিলর পদে মনোনীতদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর পরে একই জায়গায় সাংবাদিকদের মুখোমুখি হন দলের মনোনীত দুই মেয়রপ্রার্থী।

২০১৫ সালের নির্বাচনে বিজয়ী ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের মৃত্যুর পর চলতি বছর ফেব্রুয়ারিতে উপনির্বাচনে জিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের দায়িত্বে আসেন বিজিএমইএ-এর সাবেক সভাপতি মো. আতিকুল ইসলাম। এবারও তাকেই মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের ব্যর্থতায় সমালোচিত দক্ষিণের মেয়র সাঈদ খোকন এবার বাদ পড়েছেন। তার বদলে মনোনয়ন দেওয়া হয়েছে  বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনির ছোট ছেলে ব্যারিস্টার শেখ তাপসকে, যিনি গত তিন মেয়াদে ঢাকা-১০ আসনের সংসদ সদস্যের দায়িত্ব পালন করে আসছেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাপস এই মনোনয়নের জন্য আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের মনোনয়ন বোর্ডের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। সেইসঙ্গে স্মরণ করেন বিভক্ত ঢাকার প্রথম নির্বাচনে উত্তরের মেয়র পদে নির্বাচিত আনিসুল হকের কথা। আনিসুল হকের কাজ থেকে অনুপ্রেরণা পাওয়ার কথা তুলে ধরে তাপস বলেন, আমি স্মরণ করছি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হককে। যিনি অল্প সময়ে প্রমাণ করেছিলেন- সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করলে মানুষের দরজায় কীভাবে পৌঁছানো সম্ভব, সেটাকে পুঁজি করে আমি কাজ করতে চাই। নির্বাচিত হলে কী করবেন জানতে চাইলে ব্যারিস্টার তাপস বলেন, জনগণ যদি আমাকে নির্বাচিত করে, দক্ষিণ সিটি করপোরেশনের আপামর জনগণের নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমার পূর্ণ সময় আমি কাজ করে যাব।

পেশায় আইনজীবী তাপস রাজনীতিতে তার অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ঢাকা ১০ আসনের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে কাজ করতে গিয়ে আমি উপলব্ধি করেছি, আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশের জন্য কাজ করে চলেছেন। আমাদেরকে রূপকল্প দিয়েছেন একটি উন্নত বাংলাদেশ বিনির্মাণের। সেই উন্নত বাংলাদেশের জন্য একটি উন্নত রাজধানীর প্রয়োজন। সেই উন্নত রাজধানী গড়ার লক্ষ্যে এই সুযোগটা আমি গ্রহণ করব, জনগণের কাছে যাব। তিনি বলেন, ঢাকা দক্ষিণের জনগণ যদি আমাকে নির্বাচিত করে তাহলে বৃহৎ পরিসরে, ঐতিহ্যবাহী পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণ করে স্বমহিমায় প্রস্ফূটিত করার লক্ষ্যে এবং পুরান ঢাকার অধিবাসীদের দীর্ঘদিনের অবহেলা ঘুচিয়ে তাদের একটি উন্নত রাজধানী, যেখানে সকল নাগরিক সুযোগ সুবিধা থাকবে… আমি সেই সিদ্ধান্ত গ্রহণ করেছি।

বিদায়ী মেয়র সাঈদ খোকনসহ দলীয় নেতাকর্মীরা সবাই এ নির্বাচনে ঐকবদ্ধভাবে কাজ করবেন- এমন আশা প্রকাশ করে তাপস বলেন, আমি আশা করি, আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন এবং আওয়ামী লীগের সবাই আমার জন্য কাজ করে যাবেন। সাঈদ খোকনের সমর্থন প্রত্যাশা করেন কিনা- এ প্রশ্নে তাপস বলেন, আশা করি উনি আমাকে সমর্থন করবেন।

অপরদিকে, পুনরায় মনোনয়ন পাওয়া আতিকুল ইসলাম তার বক্তব্যের শুরুতেই দলের সাভাপতি শেখ হাসিনাসহ মনোনয়ন বোর্ডের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাই ইলেকশানে নির্বাচন করে ৯ মাসে যে চ্যালেঞ্জ মোকাবিলা করেছি- আপনারা জানেন, যে দিন থেকে দায়িত্ব পেয়েছি সেদিন থেকে একটি দিনও সময় নষ্ট করি নাই। উত্তরের ভোটারদের সহায়তা চেয়ে বর্তমান মেয়র বলেন, আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর ঢাকা শহর গড়ে তুলি। আমরা জানি আমাদের কী চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে একসাথে সবাই মিলে কাজ করতে হবে।

এসময় অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমাযুন কবির, তাপসের বড়ভাই ও যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading