লিডার ইজ অলওয়েজ কারেক্ট: জিএম কাদের
উত্তরদক্ষিণ অনলাইন । ০১ জানুয়ারি ২০২০ । আপডেট ১০:৩৮
জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, ‘সবার মতামত নিয়ে কাজ করতে চাই। তবে আমাদের মনে রাখতে হবে, লিডার ইজ নেভার রং, লিডার ইজ অলওয়েজ কারেক্ট। কারণ দেশ ও দলের স্বার্থে কিছু কিছু সিদ্ধান্ত নিতে হয়।’
বুধবার (১ জানুয়ারি) বিকালে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন। জিএম কাদের বলেন, আমাদের নেতৃত্বের প্রতি অবিচল থাকতে হবে। নিজেদেরকে শক্তিশালী করা হবে আমাদের আগামী দিনের রাজনীতি। জনগণ কি চায়, সে অনুযায়ী কাজ করতে হবে। যেখানে প্রতিবাদ কিংবা দাবির প্রয়োজন হবে, সেখানে সেভাবে কাজ করবেন। আমরা কেন্দ্রীয়ভাবেও কর্মসূচি দেবো। আমরা দেশবাসীর কথা চিন্তা করছি। আমরা যদি সবাই এক থাকি, তাহলে সব সম্ভব।
জাপা ২৭ বছর ক্ষমতার বাইরে উল্লেখ করে জিএম কাদের বলেন, এই সময় অনেক চড়াই-উৎরাই পার করতে হয়েছে। আওয়ামী লীগ-বিএনপি কখনও এককভাবে, কখনও যৌথভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমরা কাউকে দোষ দেই না। প্রতিপক্ষ শক্তিশালী হলে হামলার শিকার হতে হবে। আমাদের শক্তি অর্জন করতে হবে।
আলোচনা সভায় বক্তব্যের শুরুতে জিএম কাদের আরও বলেন, মুজিববর্ষের প্রথম দিন হিসেবে আপনাদের স্বাগত জানাচ্ছি। ইতিহাস-ঐতিহ্য আমাদের শেকড়, এটা ভুলে গেলে চলবে না।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ, কো-চেয়ারম্যান ও জাপার সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাড. সালমা ইসলাম ও লিয়াকত হোসেন খোকা, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সিনিয়র নেতা অধ্যাপক দেলোয়ার হোসেন খান, অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, অ্যাড. রেজাউল ইসলাম ভূইয়া, ঢাকা উত্তর জাতীয় পার্টির সভাপতি এসএম ফয়সল চিশতী, এটিইউ তাজ রহমান, শফিকুল ইসলাম সেন্টু, ইসহাক ভূইয়া প্রমুখ।

