মঞ্চে নাট্যচক্রের ‘একা এক নারী’
উত্তরদক্ষিণ অনলাইন । ০৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪ঃ৫৫
আজ (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় জাতীয় নাট্যশালরি এক্সপেরিমেন্টাল থিয়েটার হল প্রদর্শিত হবে নতুন নাটক ‘একা এক নারী’। দারিও ফো এবং ফ্রাংকা রামের লেখা ‘এ ওয়েমেন অ্যালোন’ নাটক টি ‘একা এক নারী’ শিরোনামে অনুবাদ করেছেন অধ্যাপক আবদুস সেলিম এবং মঞ্চে নির্দেশনা দিচ্ছেন দেবপ্রসাদ দেবনাথ। এটি নাট্যচক্রের ৫৪তম প্রযোজনা। এতে অভিনয় করেছেন নাট্যাঙ্গনের প্রিয়মুখ তনিমা হামিদ। এক বহুতল ভবনের ফ্ল্যাটে নিত্যদিনের গৃহস্থালী কাজ, অশ্লীল ভীতিপ্রদ ফোন, বিপরীত ফ্লাটের যৌনবিষয়ে অতি উত্সাহী তরুণের সংগোপন বাইনোকুলারের দৃষ্টি,কামাতুর দেবর, আর সদাক্রন্দনরত শিশুসন্তানের মুকাবিলা করতে-করতে এই নারী তার জীবনের আশা-নিরাশা, ভালবাসার কথা দর্শকদের সাথে ভাগাভাগি করে। যার ভেতর তার স্বামীর এবং নিজের পরকীয়া প্রেমের কথাও স্থান পায়। এমনি ঘটনাবৃত্তে এগিয়ে চলে নাটকটির কাহিনি।
ভিন্নধর্মী গল্প-আখ্যানে ঘেরা এ নাটকটির আলোক পরিকল্পনা করেছেন নাসিরুল হক খোকন, সাউন্ড ডিজাইন করেছেন আহসান রেজা খান তুষার,মঞ্চ পরিকল্পনা করেছেন জুনায়েদ ইউসুফ, পোশাক পরিকল্পনা করেছেন আইরিন পারভিন লোপা। নাটক প্রসঙ্গে নির্দেশক বলেন,‘মারিয়া চরিত্রে অভিনয়ের জন্য এ প্রজন্মের অভিনেত্রী তনিমা হামিদকে উপলক্ষ করেই ‘একা এক নারী’ নাটকটি নির্বাচন করেছি। এর সঙ্গে সমসাময়িক বৈশ্বিক একটা মেলবন্ধন রয়েছে। দিন দিন সন্দেহ, অবিশ্বাস আর অমানবিকতা মানুষকে কুড়ে কুড়ে খাচ্ছে। তেমনি এক ঘটনার দৃশ্যকাব্য চিত্রায়নের প্রয়াসই হচ্ছে এই নাটক।’

