ক্যামেরাম্যানদের মিলনমেলায় শোবিজ তারকারা
উত্তরদক্ষিণ অনলাইন । ০৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১০:৪৮
শোবিজাঙ্গন। দর্শকদের সামনে এই রঙিন দুনিয়াকে আরও রঙিন করে তুলতে পারে একজন ক্যামেরাম্যান। পারদর্শী ক্যামেরাম্যান ছাড়া যেন নিশ্য মরুভূমি পুরো শুটিং ইউনিট। সম্প্রতি সেই ক্যামেরাম্যানদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ সংগঠনের মিলনমেলা। সংগঠনটির আমন্ত্রণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুণী অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা, অভিনয়শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম, সহসভাপতি আজাদ আবুল কালাম, সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম, ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহ উদ্দিন লাভলু, সাধারণ সম্পাদক এস এ হক অলিক, সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন, নাট্যকার সংঘের সাধারণ সম্পাদক এজাজ মুন্না, প্রডিউসার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজু মুনতাসির, গাজী রাকায়েত, রাশেদ জামানসহ সংগঠনটির সদস্যরা। নাভিদ খান চৌধুরী ও নিয়াজ মাহবুবের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নতুন কমিটি গঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত সুবর্ণা মুস্তাফা। সেসময় তিনি বলেন, ‘আমি বিশ্বাস থেকেই বলছি, ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য যা যা করণীয়; তা মেকআপ, গেটআপ, সেটআপ আমি এত বছরে শিখে গেছি। কিন্তু একজন ভালো ক্যামেরাপারসন ছাড়া আমি একেবারে অসহায়। একজন ভালো নির্মাতা হলেও তা যদি পর্দায় ভালো করে তুলে ধরতে না পারেন, তবে সবার পরিশ্রমটা পন্ড হয়ে যাবে।’ এ সময় ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সুবর্ণা মুস্তাফা।

