ইরান-সমর্থিত বাহিনীর ওপর ফের মার্কিন হামলা, নিহত ৬

ইরান-সমর্থিত বাহিনীর ওপর ফের মার্কিন হামলা, নিহত ৬

উত্তরদক্ষিণ অনলাইন । ০৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:৫৮

ইরান সমর্থিত ইরাকের আধাসামরিক বাহিনী হাশদ আল শাবি’র এক কমান্ডারকে লক্ষ্য করে ফের বিমান হামলা চালিয়েছে আমেরিকান সামরিক বাহিনী। এতে অন্তত ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (৪ জানুয়ারি) ভোরে চালানো ওই হামলায় অন্তত ছয় জন নিহত হয়েছে বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। রয়টার্সের খবরে আরও বলা হয়, এতে আরও তিনজন মারাত্মক আহত হয়েছে। এর আগে শুক্রবার (৩ জানুয়ারি) বাগদাদ বিমানবন্দরে চালানো মার্কিন সামরিক হামলায় নিহত হন ইরানের প্রভাবশালী কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি। এ হত্যাকাণ্ডের ঘটনায় এরই মধ্যে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ভয়ঙ্কর প্রতিশোধ নেয়ার হুঙ্কার দিয়েছে ইরান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক প্রতিক্রিয়ায় বলেছেন, সোলাইমানিকে হত্যার ফলে নতুন করে বিশ্বজুড়ে উত্তেজনা সৃষ্টি করবে। তবে ট্রাম্পের দাবি, যুদ্ধের জন্য নয়, যুদ্ধ বন্ধ করতেই নাকি আমেরিকা ইরানের কুদস কমান্ডারকে হত্যা করেছে। এমন উত্তেজনার মধ্যে ফের মার্কিন বিমান হামলা ইরাকজুড়ে নতুন করে যুদ্ধের দামামা সৃষ্টি করবে বলেই আশঙ্কা বিশ্লেষকদের।

রয়টার্স বলছে, আধাসামরিক বাহিনী হাশদ আল শাবি পপুলার মোবিলাইজেশন ইউনিট ফোর্স (পিএমইউ) নামেও পরিচিত। ইরাকি সেনাবাহিনীর অধীনে থাকা বিভিন্ন মিলিশিয়া গ্রুপের জোট এটি। জোটটি ইরানি সমর্থনপুষ্ট।

ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, শনিবার ভোরে রাজধানী বাগদাদের উত্তরে তাজি সড়কে একটি গাড়ি বহর লক্ষ্য করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। তাজি সড়কে যুক্তরাষ্ট্রবিরোধী জোটের একটি ঘাঁটি রয়েছে। এই জোটে যুক্তরাজ্য ও ইতালির সেনা রয়েছে। তবে পিএমএফ-এর কোন কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তা জানানো হয়নি।

পিএমএফ-এর পক্ষ থেকে ওই বহরে কোনও সিনিয়র কমান্ডার থাকার খবর অস্বীকার করা হয়েছে। তবে বাহিনীটির পক্ষ থেকে বেশ কয়েকটি গাড়ি আক্রান্ত হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের একটি বোমারু বিমান হাশদ আল শাবির বহরে আঘাত করে। এতে অনেকে হতাহত হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading