চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেপ্তার ৪ সন্ত্রাসীর ২ দিনের রিমান্ড
উত্তরদক্ষিণ অনলাইন । ০৭ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:২৮
হাটহাজারীর সন্দ্বীপ কলোনী এলাকায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার সন্ত্রাসী মো. সুমন ও তার তিন সহযোগীকে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ খন্দকারের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। চার আসামি হলেন- হাটহাজারীর ফরহাদাবাদ এলাকার মুজিবুল হকের ছেলে মো. সুমন (৩৬), মির্জাপুর এলাকার নোয়া মিয়ার ছেলে মো. আসাদুল্লাহ (২৬), একই এলাকার মো. আবদুল মান্নানের ছেলে মো. আরিফ (২০) ও রফিকুল ইসলামের ছেলে মো. জাহেদ (২০)। এদের মধ্যে মো. সুমন চিহ্নিত ভূমিদস্যু, চাঁদাবাজ, অস্ত্র ও ইয়াবা ব্যবসায়ী। সুমনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছিল র্যাব। চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট পরিদর্শক সুব্রত ব্যানার্জী বলেন, হাটহাজারী থেকে অস্ত্রসহ গ্রেপ্তার চার আসামিকে দুইদিন করে রিমান্ডে দিয়েছেন আদালত। পুলিশ আসামিদের সাতদিন করে রিমান্ড আবেদন করেছিল। গত ২ জানুয়ারি সন্দ্বীপ কলোনী এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী মো. সুমন (৩৬) ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করে র্যাব। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ ছয়টি অস্ত্র, ১৪ রাউন্ড গুলি, তিনটি ছুরি, দুইটি কিরিচ ও বেশ কিছু দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

