নাগরিকত্ব আইন ইন্ডিয়ার সংবিধানবিরোধী: অমর্ত্য সেন
উত্তরদক্ষিণ অনলাইন । ০৮ জানুয়ারি ২০২০ । আপডেট ২১ঃ১৫
ইন্ডিয়ার সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) দেশটির সংবিধানবিরোধী বলে মন্তব্য করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ওই আইন বাতিলের আহ্বান জানিয়ে বাঙালি এই নোবেল জয়ী বলেন, ধর্মকে ব্যবহার করে এভাবে বৈষম্য সৃষ্টি করা কখনও গ্রহণযোগ্য নয়। বুধবার (৮ ডিসেম্বর) ইন্ডিয়ার ব্যাঙ্গালুরু রাজ্যে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এনডিটিভির খবরে এমনটাই বলা হয়েছে। অমর্ত্য সেন বলেন, ‘সিএএ নামে যে আইন পাস হয়েছে, আমার মতে তা অসাংবিধানিক আখ্যা দিয়ে সুপ্রিমকোর্টের বাতিল করা উচিত। এভাবে ধর্মীয় পার্থক্য অনুসারে মানবাধিকার সম্পর্কিত নাগরিকত্ব দেওয়া যায় না।’
নোবেল বিজয়ী ইন্ডিয়ান এই অর্থনীতিবিদ আরও বলেন, ‘নাগরিকত্ব নির্ণয় করতে যা দরকার, তা হলো সেই ব্যক্তি কোথায় জন্মগ্রহণ করেছেন এবং কোথায় তিনি বসবাস করেন।’ তবে প্রতিবেশী দেশে ধর্মীয় কারণে নিপীড়নের শিকার হওয়া সংখ্যালঘুদের প্রতি সমবেদনা দেখানো উচিত বলে মনে করেন নোবেল বিজয়ী এ অর্থনীতিবিদ। অমর্ত সেন বলেন, ধর্ম ব্যতিরেকে সব নিপীড়িত মানুষের বিষয়েই এটা করা উচিত। ধর্মীয় নিপীড়নের পাশাপাশি অন্য ইস্যুগুলোর দিকেও নজর দেওয়া দরকার।
এর আগে গত বছরের ১২ ডিসেম্বর ইন্ডিয়ায় কার্যকর হয় মুসলিমবিরোধী বিতর্কিত নাগরিকত্ব আইন। এতে প্রতিবেশী দেশ পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানে ধর্মীয় কারণে নির্যাতনের শিকার হয়ে ইন্ডিয়ায় যাওয়া মুসলিমছাড়া সব ধর্মের মানুষের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। ফলে আইনটিকে মুসলিমবিরোধী আখ্যা দিয়ে ভারতজুড়ে আন্দোলন-প্রতিবাদ চলছে। এতে এখন পর্যন্ত অন্তত ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন শত শত মানুষ। গ্রেপ্তার করা হয়েছে হাজার হাজার বিক্ষোভকারীকে।

