ঢাবি ছাত্রী ধর্ষণে গ্রেপ্তার মজনু ৭ দিনের রিমান্ডে

ঢাবি ছাত্রী ধর্ষণে গ্রেপ্তার মজনু ৭ দিনের রিমান্ডে

উত্তরদক্ষিণ অনলাইন । ০৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫:৩০

ঢাকার কুর্মিটোলায় রাস্তা থেকে তুলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার মজনুকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের পুলিশি রিমান্ডে পাঠিয়েছে আদালত। ওই ছাত্রীর বাবার করা মামলায় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আবু সিদ্দিক। এসময় আদালতে আসামির পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান কৌঁসুলি আবদুল্লাহ আবু। পরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী ৭ দিনের রিমান্ড আদেশ দেন। পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা দীপক মিত্র দীপু এ তথ্য জানিয়েছেন।

গত ৫ জানুয়ারি ওই ছাত্রী ধর্ষণের পর ব্যাপক ক্ষোভ-বিক্ষোভের মধ্যে অপরাধীকে ধরতে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার পরদিন ক্যান্টনমেন্ট থানায় করা মামলা পরে তদন্তের দায়িত্ব পায় ডিবি। এর মধ্যে ওই ছাত্রীর কাছ থেকে পাওয়া বর্ণনার ভিত্তিতে তার মোবাইল ফোনের সূত্র ধরে অভিযান চালিয়ে বুধবার (৮ জানুয়ারি) ভোর পৌনে ৫টায় শেওড়া রেল ক্রসিং এলাকা থেকে সন্দেহভাজন ধর্ষক মজনুকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব কর্মকর্তাদের ভাষ্য, ধর্ষণের পর ছাত্রীর মোবাইল ফোনটি মজনু নিয়ে গিয়ে বিক্রি করেছিল অরুণা নামে একজনের কাছে। অরুণার কাছ থেকে তা কিনেছিলেন রিকশাচালক খায়রুল। ফোন ট্র্যাক করে আটক এই দুজনকেও ডিবির কাছে হস্তান্তর করেছে র‌্যাব। এদিকে, ধর্ষিতা ছাত্রী ঘটনার পর রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি এখন সম্পূর্ণ সুস্থ হওয়া বৃহস্পতিবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading