স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা
উত্তরদক্ষিণ অনলাইন । ১০ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫ঃ৪৫
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন। আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানায় জেলা আওয়ামী লীগ। পরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন নেতৃবৃন্দ।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী ইমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাশার খায়েরসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সহযোগী সংগঠন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। অপরদিকে জেলার বিভিন্ন উপজেলায়ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হচ্ছে।

